Saturday, 4 July 2020

পাশবালিশ চর্চা

পাশবালিশ নিয়ে হৈচৈ করা বাঙালি পছন্দ করে না, এবং তা যদি রাজনৈতিক চাপানউতোরের পর্যায়ে চলে যায়, তা আমরা ভালোভাবে নিতে পারিনা! এর একটাই কারণ --- পাশবালিশ আমাদের আপনজন, চিরসখা।

সেদিন এক ইংরেজি কাগজে এক বাঙালি লিখেছেন পাশবালিশ নিয়ে অনেক কথা। অবাঙালি পাঠকদের জন্য তাকিয়া এবং ইংরেজিতে bolster শব্দটি ব্যবহার করেছেন। মুশকিল হল আভিধানিক অর্থ আর ব্যবহারিক প্রয়োগে বিস্তর পার্থক্য। লেখাটিতে ব্যবহার হয়েছে 'জলসাঘর' ছবির একটি স্থিরচিত্র। কিন্তু সেটি পাশবালিশ নয়, নিতান্ত তাকিয়া। তাকিয়ার ব্যবহার পুরনো --- নবাবি আমল থেকে চলে আসছে। ১৭৬০ সালে তৈরি মুর্শিদাবাদের বড়নগরের চারবাংলা মন্দিরের গায়ে টেরাকোটার কাজে তাকিয়া দেখা যায় --- বাবু আরাম করে তাকিয়ায় ঠেস দিয়ে বসে বাঈজী নাচ উপভোগ করছেন। আবার, হুগলির গুপ্তিপাড়াতেও এরকম তাকিয়ার খোঁজ মেলে রাবণ আর মন্দোদরীর আখ্যানে, মন্দিরগাত্রে টেরাকোটার কাজে।

কিন্তু ঠিক কবে তাকিয়া বাবুদের বাহিরমহল থেকে আমবাঙালির অন্দরমহলে পাশবালিশে রূপান্তরিত হল তার কোনও সঠিক সন-তারিখ পাওয়া যায় না। ঊনবিংশ শতাব্দীতে আঁকা বাবুমহলের বেশ কিছু ছবিতেও তাকিয়া দেখতে পাই। হয়ত অন্দরমহলের ছবি আঁকার রেওয়াজ ছিল না বলেই পাশবালিশের সন্ধান পাওয়া যায় না। তবে বিংশ শতাব্দীর গোড়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাতে পাশবালিশ এসেছে। গল্পগুচ্ছের 'অসম্ভব কথা'তে আমরা দিদিমার কাছে গল্প শোনার মাঝে পাই এই কথা --- আমি একটুখানি নড়িয়া-চড়িয়া পাশ-বালিশ আরও একটু সবলে জড়াইয়া ধরিয়া কহিলাম, “তার পরে?”।

এর ঠিক একশো বছর পার করে আরেকজন বাঁধলেন পাশবালিশ নিয়ে গান। কি করে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম এগিয়ে চলে কিন্তু ধ্রুবক সেই পাশবালিশ। গানের শেষ দুই কলিতে চন্দ্রিল ভট্টাচার্য লিখছেন --- "বাবা ও খোকা, কমন প্রেমিকা, দুজনে পাশবালিশ / তৃতীয় বিশ্ব, আদতে নিঃস্ব, গতি সেই পাশবালিশ।" চন্দ্রিল যদি পাশবালিশকে বিভিন্ন বলিউডি নায়িকার সঙ্গে তুলনা করে থাকেন, তবে শীর্ষেন্দু মুখোপাধ্যায় 'পাত্রী চাই'তে লিখছেন --- "আমি তো খুব রাজি। কিন্তু খুড়ো আমার কানে কানে বলল, অমন হাঁ করে পাশবালিশটাকে দেখছিস কী? ও তো তোর মাসির বয়সি। পাশবালিশ! পাশবালিশ মানে হল শরীরে উঁচু-নিচু নেই।" আয়েশি জীবনচর্চা, আধুনিক সাহিত্য ও গণমাধ্যমের মধ্য দিয়ে মধ্যবিত্ত বাঙালির পাশবালিশ নিয়ে এক নতুন বোধোদয় হয় --- এই বস্তুটিকে কখনওই হাতছাড়া করা যাবে না। এমনকি বিয়ের পর শ্বশুরবাড়িতে নতুন বৌ এসেছে বাপের বাড়ি থেকে ছোটবেলার পাশবালিশ নিয়ে --- এ নিছক গল্প নয়, সত্যি।

পাশবালিশ প্রেমের সবচেয়ে বড় নিদর্শন দেখিয়েছিল আমার এক বন্ধু। কলকাতা থেকে নিজের গাড়িতে মালপত্র তুলে নতুন শহরে চাকরি করতে যাচ্ছে সে। ওড়িশা-অন্ধ্রপ্রদেশের সীমানায় শেষ-ডিসেম্বরের শীতের রাতের অন্ধকারে গাড়ি দাঁড় করালো মাওবাদী মোকাবিলায় পারদর্শী বিশেষ বাহিনী। সমস্ত কাগজপত্র পরীক্ষার পর গাড়ির ভিতরে তল্লাশি চলছে --- ব্যাগ, সুটকেস, বাসনপত্র .... একমাত্র একজন একটু হিন্দি বোঝেন, বাকি সব তেলুগু ছাড়া বোঝেন না।  
"ইয়ে ক্যা হ্যায়? ইসকে অন্দর ক্যা হ্যায়?"
"ইয়ে পাশবালিশ হ্যায়।"
"তাকিয়া?"
"নাহি, পাশবালিশ।"
"ইয়ে বঙ্গালী লোগ কিউঁ তাকিয়া লেকে ঘুমতা হ্যায়!"
"আপকো সমঝ মে নাহি আয়েগা কভি।"   
(ইন্টারনেট থেকে প্রাপ্ত ছবি। আমার স্বত্ত্ব নেই)

Tuesday, 30 June 2020

ইনবক্স তো খোলা...

ইনবক্স তো খোলা কিন্তু মন খোলা কি? কথা বলি বড়-বড়, লিখি তারও বেশি। কিন্তু কারোর মনের খবর কি রাখি? 

এমনই বর্ষার রাতে বসে আছে হাসপাতালের বারান্দার এক বেঞ্চে। কেউ একজন। ভর্তি যে, সে তার এক বন্ধু। জ্বর। শ্বাসকষ্ট। আজ এই করোনাকবলিত দেশে সে বন্ধু কি জ্বরে আক্রান্ত? বর্ষায় কি কবিতা লিখছে, না কৃত্রিম শ্বাসপ্রক্রিয়া চলছে? খবর রাখেনি দু’জনের কেউ — কত বছর পার ইতিমধ্যে। ইনবক্স কিন্তু খোলা।

ফেসবুকে লাইকানোও জারি। তবু কি পাশে থাকার চেষ্টা করেনি ২০ বছরের সম্পর্ক ভেঙে যাওয়া বন্ধুর? না। একবারও জিজ্ঞাসা করেনি কেমন আছে সে। জানেই না কি করে পাশে থাকতে হয় — ফোন করবে না গল্প করবে চ্যাটে না ‘তোমায় গান শোনাবো’।এ’সব তো ইস্কুলে শেখায় না। তবুও বড় মুখে বলব ইনবক্স খোলা। 

কোনও চিঠি আসে না। গয়না যা ছিল বিক্রি করে ছেলেকে বিদেশে পড়তে পাঠানো। বিলেত-ফেরত সেই ছেলে তৈরি করল নিজের সংস্থা, সংসার পাতল, কিন্তু মা-কে চিঠি লেখা আর হল না। প্রায় ২৫ বছর পর মা-এর মুখ শেষ দেখা, শ্মশানে। বোন এগিয়ে দেয় যত্ন করে রাখা এক বাণ্ডিল কাগজ। বিলেত থেকে শেষ পাঠানো পোস্টকার্ড, এয়ারমেলের খাম। ইনবক্স তো খোলা ছিল, ছেলে খবর নেয়নি। 

“একসময় কতজনের CV forward করেছি যদি কোথাও কোনও কাজ পায়। সেদিন আমার চাকরি গেল কিন্তু নিজের অফিসের কেউ একবারও ফোন করে খবর নিল না কেমন আছি, কি করে সংসার চালাব; এদের এত connection কিন্তু একবারও বলল না CV-টা পাঠাও, দেখি কিছু করা যায় কি না।” এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল ও। নিস্তব্ধতা গ্রাস করে ফোন... ফোনটা খোলা ছিল। মানবিক মুখটা বন্ধ ছিল, অনেকের।

এইরকম ছোট-বড় ঘটনা অগুনতি আমাদের প্রত্যেকের জীবনে। গত কয়েকদিন ধরে social media ছেয়ে গেছে ইনবক্স খোলা-ফোন খোলা ধরণের পোস্টে। কিন্তু আমরা ক'জনের খবর সত্যি রাখি। কার মনে কি চলছে, তা জানার চেষ্টা করি কি? সেদিন একজন লিখেছে, “দাদা কেন একবারও আমাদের সঙ্গে কথা বলল না? আমরা কি এতো দূরের?” উত্তর দেয়ারও কেউ নেই। মনখারাপ-একাকীত্ব থেকে অবসাদ হয়ে আত্মহত্যার পথ সুদীর্ঘ। অকস্মাৎ কোনও কিছু হয় কি? নিজের কাছের মানুষগুলো কেমন আছে? সেই খবর রাখার জন্য কোনও খোলা ডাকবাক্স লাগে না, প্রয়োজন পড়ে না হাজারো পোস্টের।

কথা বলাটা আসল। যার মনখারাপ সে তো বলবে না, আমাকেই বলতে হবে। একটু মানবিক হই। যোগাযোগ রাখার চেষ্টা পাশাপাশি বসে একে-অপরের পোস্ট লাইকানো নয়। 


Thursday, 23 April 2020

বন্দী সময়ের কথা

(অভিজ্ঞতাগুলি লিখে না রাখলে পরে হয়ত ভুলে যাব)


মৃত্যু।


— আপনি একদম ঘরে ঢুকে পড়ুন। বেরোবেন না। 
— একবার দেখা করা যেত না?
— না না, আপনি ঠিক পাশের ফ্ল্যাটেই থাকেন তো। যদি কোভিড কেস হয়!
— নাও তো হতে পারে! 
তবুও দেখা করা হয়নি ওঁদের সঙ্গে। ওঁর মা-এর বয়স হয়েছিল ৮৩। শেষকাজের সময় পুরোহিত দরকার ছিল তাঁদের ধর্মীয় নিয়মানুসারে। সে মুম্বইতে আটকে। একদিন পর এলেন তিনি। মর্গে একরাত কাটানোর পরেও চারজন পাওয়া দুষ্কর হয়ে গেল ওঁকে টাওয়ার অব সাইলেন্সে নিয়ে যাওয়ার জন্য। 


ক্ষুধা। 


বেগম হাঁটছে। বেগম আমাদের বাড়িতে কাজ করে; পুণেতে নয়, কলকাতার উপকণ্ঠে যেখানে আমাদের স্থায়ী বাস সেখানে। খবর পেয়েছে বাবা ঠাকুরতলাতে কুপন দেবে — একটু খাবার পাওয়া যাবে। হয়তো ইফতারটা হয়ে যাবে। সেহরিটা জানা নেই। প্রায় ৪০ডিগ্রি সেলসিয়সে হাঁটছে প্রৌঢ়া, অগুণতি ক্রোশ, যে’রকম ঐ পরিযায়ী শ্রমিকেরা হাঁটছে রাজপথ ধরে, প্রতিদিন। কব্জিতে নেই কোনও ফিটবিট। 


জীবিকা। 

বাইরের সব লোক ঢোকা বন্ধ আমাদের এই উচ্চ মধ্যবিত্তের ফ্ল্যাট কম্প্লেক্সে। একে পুণেতে আমরা হাউসিং সোসাইটি বলি।সেদিন বাইরে দেখা চন্দনের সঙ্গে।
— তুমি পশ্চিম মেদিনীপুরের গ্রামে ফিরে গেলে না কেন?
— ট্রেন বন্ধ হয়ে গেল হঠাৎ। তখনও মাস শেষ হয়নি। অনেকে টাকা দেবে বলেছিল। 
— পেলে সব?
— দিল। কিন্তু সেটা গত মাসের কথা। এপ্রিলে তো আপনাদের সোসাইটির একটাও গাড়ি ধুতে পারিনি। টাকা কি পাব?
আমার গাড়ি নেই। উত্তরও নেই। 


মামলা।


— শেষ মামলা ছিল ১৬ই মার্চ। ১৭ থেকে বন্ধ। 
— তাহলে? 
— কিভাবে চলছে জানি না। আর ঠিক দু’মাসের মত সম্বল আছে। পুরো মে মাসটা এরকম চললে...
আমার উকিল বন্ধু, আলিপুর কোর্টে মামলা লড়ে।


চাকরি।


— ৩০শে জুন পর্যন্ত কোনও টাকা দিতে পারবে না। ছুটিতে পাঠিয়ে দিয়েছে। এরপর চাকরি থাকবে কি না তাও জানি না।আপনার কাগজে লেখালেখির কাজ পাওয়া যাবে? গত বছর আপনার সঙ্গে ফোনে কথা হয়েছিল। ভালো লেগেছিল কথা বলে।বলেছিলেন কাজের সুযোগ হলে জানাবেন। কিছু হবে কি?
লিঙ্কডইনে পাওয়া এই মেসেজের একটা উত্তর দিই। তার উত্তর আসে কিছু ঘন্টা পর। 
— ভাগ্য ভালো যে আপনার মতো স্ত্রী-কন্যা সমেত আমার এরকম সংসার নেই। 


জন্মদিন।


— ড্যাডি আসতে পারবে না। বাস চলছে না, ট্রেন চলছে না, প্লেন চলছে না... কিচ্ছু চলছে না। আমার জন্মদিনে আসতে পারলনা, তোমার জন্মদিনে আসতে পারল না, পিপির জন্মদিনেও আসতে পারল না। ড্যাডি কি করে আসবে?
৩০শে মার্চ সমাবতী, ৩রা এপ্রিল শমিকা আর ৬ই এপ্রিল দিদির জন্মদিন কেটে গেল কোনও কেক না কেটেই... ভিডিও ফোনে। 


প্রতিবেশী। 


— গেট পর্যন্ত যেতে পারছি না, রাস্তা সব বন্ধ করে দিয়েছে পুলিশ। 
গ্যাসওয়ালার ফোন পেয়ে হন্তদন্ত হয়ে স্কুটারে ফাঁকা সিলিণ্ডার নিয়ে যাই রাস্তার মোড়ে। ভর্তিটা নিয়ে সোসাইটির গেটের কাছেনামিয়ে তারপর গড়ানোর পালা। কোমরের ব্যথায় ভারি কিছু বওয়া বারণ। 
— আরে চলুন! দু’জনে ধরে নিয়ে যাই। কতক্ষণ ধরে গোলগোল করবেন?
পুণেতে পরিষ্কার বাংলায় এমন কথা বলে এগিয়ে আসা মানুষটা তো আমার ডাক্তার প্রতিবেশী! কথা হয়না এমনিতে উভয়ের ব্যস্ততার জন্য। 


দোকানদার। 


— এই আপনার মত লোকদের জন্যই এনেছি। খরাডির ডিস্ট্রিবিউটর মাল পাঠাতে পারবে না। তাই ১২ কিলোমিটার দূর থেকে মাল আনলাম বাইকের পিছনে বসিয়ে। চার পেটি পেয়েছি। 
— তা, দাম কি বেশি নেবেন? অনেকেই নিচ্ছেন তো। 
— তা হয় না কি? আপনি লেখা দামই দেবেন। 
মনের আনন্দে আট প্যাকেট ম্যাগি নিয়ে বাড়ি এলাম — আট দিনের বিকেল। আগের দিন বহু চেষ্টাতেও কোথাও পাইনি। 


ইমেল।


— কেমন কাটছে পরিবারের সবার সঙ্গে বসে কাজ করা? পাঠিয়ে দিন আপনার আনন্দের ভিডিও আর ছবি। অফিসের সব সহকর্মীদের পাঠানো এরকম কোলাজ আগে কখনও হয়নি! 
এক নিমেষে চলে গেল বিনে। 

Monday, 11 November 2019

বাংলা ছবি, আজকাল

সেদিন একটা বাংলা ছবির সারণি দিয়েছিলাম ফেসবুকে। চার সপ্তাহে প্রায় চল্লিশটা ছবি দেখেছিলাম একটা অ্যাপে। অবশ্যই এর একটা বড় কারণ ছিল না-দেখা ছবিগুলো দেখে ফেলা। অন্য একটা কারণও ছিল — গত সাত বছরে কিভাবে বাংলা চলচ্চিত্র পরিবর্তিত হয়েছে। সাত বছর আগে আমি শেষ হলে গিয়ে কোনও বাংলা ছবি দেখি।

ফেসবুকে তালিকাটি দেওয়ার পরেই বেশ কিছু মন্তব্য এল, সঙ্গে হরেকরকম ইমোজি। অনেকে জিজ্ঞাসা করেছিলেন, আমি মানসিক ভাবে সুস্থ কি না! যখন আমরা ইংরেজি সাহিত্য পড়তাম, তখন থেকেই একটা অভ্যাস হয়ে গিয়েছিল সবকিছুকেই টেক্সট হিসেবে দেখা। চলচ্চিত্র-চর্চা চলত তখন থেকেই। কলকাতার সিনে সেন্ট্রালের লাইফ মেম্বার হওয়ার কারণে সারা বছর বিভিন্ন দেশের ছবি দেখেছি বছরের পর বছর। আমার বন্ধুদের ক'জন তিউনিসিয়ার ছবি দেখেছে জানিনা, কিন্তু আমার মত কিছু পাগল, এই মনে করুন ১০-১২ জন সাতদিন ধরে দুপুরে নন্দন-২ হলে সেই চলচ্চিত্র উৎসব দেখেছি — বলা ভালো, গিলেছি। শান্তিনিকেতনে আমরা শুরু করেছিলাম বীক্ষণ ফিল্ম সোসাইটি আর তার আন্তর্জাতিক উৎসবের সময় ছবি যোগাতেন সিনে সেন্ট্রালের অলোকদা। ছবি কিউরেট করা থেকে শুরু করে কলকাতা থেকে ক্যান এনে বোলপুরের গীতাঞ্জলিতে দেখানোর কাজ করেছি দীর্ঘদিন। তখন কেউ পাগল বলেনি, বরং ৭৫০ সিটের প্রেক্ষাগৃহ পূর্ণ করে লোকজন দেখতে এসেছে, মাত্র ১০ টাকার টিকিটে।

তো এখন কেন ভাবল যে আমি পাগল? বা, আমার মত যারা বাংলা ছবি দেখে, তারাও কি পাগল? এই ৪০-টি ছবির পরিচালকরা আমাদের সময়ের সেরা বলা চলে। সেরা দু'রকম হয় — সত্যজিৎ রায়-ঋত্বিক ঘটক আর অন্যদিকে অজয় কর-অগ্রদূত। পৃথিবীর সব ভাষাতেই হয়ত এই দুই ধরণের ছবি হয়। আমাদের সময় তো অনেক ভালো যখন দেখি সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায় এবং আরও অনেকেই হাউসফুল পাচ্ছেন। যদি মনে করি, চলচ্চিত্রের একমাত্র উদ্দেশ্য বিনোদন, তবে একথা অনস্বীকার্য যে আমি সব ছবিগুলো দেখে আনন্দ পেয়েছি। প্রত্যেকটা ছবির স্বাদ আলাদা, এমনকি পার্থক্য আছে 'চৌরঙ্গী' আর 'শাহজাহান রিজেন্সি'-তেও। 'বিবাহ অভিযান' না দেখলে জানতেও পারতাম না 'শাহজাহান রিজেন্সি'-তে নিজের গাওয়া গানের প্যারডি নিজেই কি করে করেন অনির্বাণ ভট্টাচার্য! বিরসা-অরিন্দম-প্রতিম-নন্দিতা-শিবপ্রসাদ-ধ্রুব এঁরা প্রত্যেকে যথেষ্ট ভেবে এবং পরিশ্রম করে ছবিগুলো বানিয়েছেন, তা বোঝাই যায়। প্রত্যেকের নিজস্ব ধারা আছে।


(ছবি ইন্টারনেট থেকে)

তবে বাঙালি দর্শকের মুশকিলটা কোথায়? ভালো গল্প নেই? না কি পরিচালকরা গল্প বলতে পারছেন না? না কি ভালো অভিনেতা নেই? মানছি, উত্তম-সুচিত্রার মত জুটি আবার হবে না, কিন্তু মিমি-সোহম বা আবির-পায়েল? এঁরা কি খুব খারাপ? চিত্রনাট্য অনুসারে এঁদের অভিনয় খারাপ না, বরং এখনকার হিন্দি ছবিগুলোর তুলনাতে অনেকের অভিনয় বেশ ভালো — যেমন যীশু বা শাশ্বত বা আবির বা অনির্বাণ, আর সর্বোপরি প্রসেনজিৎ। মজার ব্যাপার হলো, বেশ কিছু ছবি জনপ্রিয় দক্ষিণ ভারতীয় ছবির পুনর্নির্মাণ। কিন্তু তাও নাকি আজকের বাঙালির পছন্দ না। এ কি আমাদের উন্নাসিকতা? আমরাও কি রবীন্দ্রনাথ আর সত্যজিতে আটকে পড়েছি? তবে কিন্তু বিপদ। রবীন্দ্রনাথের থেকে ভালো গীতিকার হয় না, মানছি; কিন্তু অনুপম বা দীপাংশু বা ঋতম কি খুব-খুউব খারাপ? গৌরীপ্রসন্ন-নচিকেতা-পুলকের যুগ ফিরে আসবে না জানি। যুগের সঙ্গে পরিবর্তনটাও তো চাই। কারণ দর্শকেরও তো পরিবর্তন হয়েছে।  

সমস্যাটা হয়ত অন্য জায়গায়। আমার মনে হয় কয়েকটি কারণ — ১. টিভির ছোট পর্দাকে আপন করে নেওয়া ২. সেই জন্য হলে গিয়ে ছবি দেখার নেশা চলে যাওয়া ৩. এই নেশার ফলে মফস্সলে হলগুলোর অবনতি এবং ক্রমহ্রাসমান দর্শক ৪. কলকাতা ও শহরতলিতেও হল বাঁচিয়ে রাখতে বাংলা ছবির জায়গা কম দেওয়া ৫. বিভিন্ন অ্যাপে ছবি দেখা 
এর প্রত্যেকটি কারণ একে-অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এর সঙ্গে যোগ করুন মিলেনিয়াল বাবা-মা'দের উত্তর-মিলেনিয়াল সন্তানদের 'জঙ্গল বুক' দেখাতে নিয়ে যাওয়া কিন্তু 'গুপ্তধনের সন্ধানে' দেখানো থেকে নিরস্ত করা। আমরা ধরেই নিয়েছি বাংলা ভাষার সব ছবি খারাপ — সে বড়দের হোক বা ছোটদের। আচ্ছা, বাংলা ছবির স্বর্ণযুগে একটা 'ভিঞ্চি দা' বা একটা 'সোয়েটার' বা 'বেলাশেষে' হয়েছে? যাঁরা একটু অন্যরকম ভাবেন বা ছবি করেন, তাঁদের ভাবনার স্বীকৃতির জন্যও তো ছবিগুলো দেখা যায়। 


[চার সপ্তাহে দেখা প্রায় চল্লিশটা ছবির তালিকাটি আবার দিলাম —বর্ণ পরিচয়, শাহজাহান রিজেন্সি, চৌরঙ্গী, মুখার্জিদার বৌ, আহারে মন, বিবাহ অভিযান, রসগোল্লা, গুপ্তধনের সন্ধানে, দুর্গেশগড়ের গুপ্তধন, সোয়েটার, ভিঞ্চি দা, ভিলেন, বাপি বাড়ি যা, বোঝে না সে বোঝে না, চিরদিনই তুমি যে আমার, চিরদিনই তুমি যে আমার ২, এবার শবর, আসছে আবার শবর, গল্প হলেও সত্যি, প্রলয়, হেমলক সোসাইটি, শুধু তোমারই জন্য, ক্রিসক্রস, বাঙালি বাবু ইংলিশ মেম, বেলাশেষে, জামাই ৪২০, জাতিস্মর, চতুষ্কোণ, কাটমুণ্ডু, গ্যাংস্টার, কি করে তোকে বলবো, নির্বাক, এক যে ছিল রাজা, কেলোর কীর্তি, প্রাক্তন, টোটাল দাদাগিরি, জুলফিকার, হামি, পারব না আমি ছাড়তে তোকে ]

Thursday, 28 February 2019

বাবার জন্মদিন

শ্রীচরণেষু বাবা।
এই লিখে শুরু হত আমার চিঠি। জায়গা আমার জন্য সংক্ষিপ্ত। ইনল্যান্ড লেটার-এর পেছনের পাতার অর্ধেক। বাকি অর্ধেক দিদির। বাকি দুই পাতা মা -এর। বাবা বাড়ি আসে বছরে দু-তিনবার। চিঠি আসে যায় প্রতি সপ্তাহে প্রায়। শেখার আবদার করাতে একবার বাবা লিখল পরের বার এসে ঘুড়ি ওড়ানো শিখিয়ে দেবে। ছুটির মধ্যে হঠাৎ ডাক আসে। অফিস যেতে হবে পরদিন। অনেক লম্বা সে রেলযাত্রা। বাবার কাছে আমার ঘুড়ি ওড়ানো শেখা হল না।

ষাটের দশকে তখন জিওলজিস্ট। 

শেখা হয়নি অনেক কিছুই। সাঁতার বা ফুটবল। বাবা জেলাস্তরে ফুটবল খেলেছে, হাড়ও ভেঙেছে। আমাদের বাড়ি ছিল পুকুরপাড়ে কিন্তু হস্টেল চলে গেলাম তাই বাবার সঙ্গে দুই-একবার জলে নামলেও সাঁতার শেখা হয়নি তখন। ফুটবলেও তাই হল। কিন্তু এসবের বাইরে শিখলাম অনেক কিছু, বিশেষত অঙ্ক। লোডশেডিং তখন নিয়মিত, অবশ্যম্ভাবী। হ্যারিকেনের আলোতে যুদ্ধ — বাবা, আমি আর অঙ্ক। এমন যুদ্ধে কাবু হতে হতে একসময় আমি জয়ী হতাম। তখন ছাড় পেতাম বাবার কাছে। হয়তো মাঝরাতে।

খাজুরাহোতে সত্তরের দশকে। 

আসলে বাবাদের কাছে শেখা তো ঠিক স্কুলের মত হয়না। এর না আছে কোনও বাঁধা-ধরা ছক বা সময়। সার্কাস শেষ দেখেছি বাবার সঙ্গে, এবং পি.সি. সরকারের জাদুও। সে-সবের মাঝে উত্তর দিয়ে গেছে আমার অজস্র কেন-এর। হয়তো বইমেলাতে নিয়ে গিয়ে জিজ্ঞেস করেছে ১৩-এর ঘরের নামতা।
ছোটবেলাতে বাসের টিকিট জমাতাম। বাবা একদিন সেখান থেকে একমুঠো টিকিট দিয়ে বলল কত টাকার টিকিট হয়েছে গুনতে! খেলা হয়ে গেল পড়া।

একদিন হেমন্ত গেল আটকে। বাবা শেখাল কি করে টেপ ছাড়াতে হয় হেড থেকে আর তারপর পেনসিল দিয়ে সেটা ঠিক করতে হয়। তবে কখনও শিখিনি সিগারেট খাওয়া, দেখেছি কিভাবে বদলে যায় প্যাকেটের নামগুলো — ক্যাপস্টান, রিজেন্ট, উইলস বা গোল্ড ফ্লেক। যখন বাবাকে নিয়ে যাচ্ছে এঞ্জিওপ্লাস্টি করাতে, তখনও কি বালিশের তলাতে ক্লাসিকের প্যাকেটটা ছিল? দেখলাম, নেই! ছোট থেকে বলতাম খেয়ো না, কথা শুনতো না। কথা শোনা-না-শোনা একটা দ্বিপাক্ষিক ব্যাপার। আমিও তো বাবার অনেক কথা শুনিনি!

বাবা আর আমি। দুর্গাপুর। ১৯৮২

২৯শে ফেব্রুয়ারী বাবার জন্মদিন, চার বছরে একবার আসে। এবছর নেই। বাবার যে-বছর পঞ্চাশ হয়েছিল, সেই বছরও ছিল না লিপ ইয়ার। বাবা বাইরে। আমি আর দিদি কার্ড পাঠিয়েছিলাম। এবার বাবার পঁচাত্তর। আমি বাইরে। বাবার জন্মদিন আসে আর যায়। নীরবে।

Monday, 28 January 2019

তবু মনে রেখো

— শান্তিনিকেতন গ্যাছো?
— না। ও তো বাবুদের জায়গা! তবে কলা ভবনে যাওয়ার একটা ইচ্ছে আছে।
— বেশ তো। তোমার তথ্যচিত্র দেখানোর ব্যবস্থা করি। ওখানে একটা ফিল্ম ক্লাব, বীক্ষণ, আমরা শুরু করেছিলাম। তার সদস্যদের ভালো লাগবে। সর্বোপরি, বিনয় মজুমদারকে নিয়ে এমন কাজ তো আগে হয়নি।
— আর হবেও না, বুঝলা? কলকাতার বাবুরা ওঁকে পাত্তা দেয়নি। ভাবতে পারো, একটা লোক সবার আড়ালে বসে অঙ্ক করে আর কবিতা লেখে। এরকম মানুষ তুমি দেখেছ কয়ডা?
— কিন্তু উনি তো অভিমানি। সাহিত্য সভাতে যাবেন না!
— কে বলেছে? কলকাতা মর্যাদা দেয় কবিকে? কত কবি-শিল্পী হারিয়ে গেলো ওদের জন্য...

ওরা কারা? এটা শঙ্করদাকে জিজ্ঞাসা করলে হাসতো শুধু, আর হাজারো আঁকা খুলে দেখাতো।
— আমার তো আঁকার কোনো প্রথাগত শিক্ষা নেই। বঙ্গবাসি কলেজ। তাই সাহস করে কলা ভবন-মুখো হইনি।

শঙ্করদা গিয়েছিল কলা ভবন, বীক্ষণের আমন্ত্রণে তথ্যচিত্র, 'অন্য আলো, অন্য আঁধার' দেখাতে। আমি শিবদাকে (শিবাদিত্য সেন) বলেছিলাম শঙ্করদার কথা। রতনে রতন চেনে। পরিচয় হল দুজনের। প্রান্ত কবির কথা প্রান্তিক ছবি-করিয়ে শোনালো শান্তিনিকেতনকে। সেদিন কি আনন্দ শঙ্করদার। আমাকে ফোন করে বলল সে কথা, আর বলল রামকিঙ্করের কলের বাঁশি, সাঁওতাল পরিবারের কথা। শিবদা যেদিন চলে গেল গত বছর, শঙ্করদা আমার ফেবু পোস্টের তলায় লিখল, "শিবদা আমাদের স্মৃতিতে থাকবেন। ওনার আমন্ত্রণেই প্রথম শান্তিনিকেতনে যাই।"


গতকাল ফেবু বলল, শঙ্করদা নেই। দু'সপ্তাহ সময় দিয়েছিল ক্যান্সার, বা একটু বেশি। কাউকে জানায়নি তেমন, বাড়ির লোকজন ছাড়া। এর মাঝেই কাজ করেছে। আমি সেদিন বাদামিতে। হোটেলে সকাল হোলো শঙ্করদার ছবি দেখে, ফেবুতেই। ওই সকালেই শেষ পোস্ট। ২৬শে জানুয়ারি তো প্রজাতন্ত্র দিবস, সেদিনই 'লাস্ট পোস্ট'? যুদ্ধ তো বাকি। পরদিন শেষ।

— জানো, ওরা কতটা যুদ্ধ করে?
— কারা?
— ইঁটভাটার মহিলারা। সারা দুপুর ধরে স্কেচ করলাম। কোলে বাচ্চা নিয়ে মা কাজ করছে, সে-ই মা আবার রান্না করছে, সন্ধ্যে নামলেই অন্ধকার, অত্যাচার।
— তো কি করবে তুমি?
— ছবি বানাবো। ওরা ঝাড়খণ্ড থেকে এসেছে। আবার চলে যাবে। আবার আসবে। কিন্তু ঘামঝরা এই ইতিহাস ধরে রাখা দরকার। 

পাঁচ বছর ধরে চলল কাজ। তথ্যচিত্র 'পোড়া মাটি মুখ' তৈরি হোলো। সঙ্গে চলছে রাতভর ছবি আঁকা। আমার সাধ্যমত একটা ছোট লেখা লিখলাম। সে-ও প্রায় এগারো বছর আগে।


— করেছ কি? ইংরেজি কাগজে আমার নাম?
— মানে ঐ আর কি। তোমাদের মত মানুষদের জন্য যেটুকু পারি।
— প্রান্ত কথাটার মানে বোঝো? আমাদের কথা কেউ লেখে না, আর এটা অভিমানের কথা না, উপেক্ষিতর কথা।
— কিন্তু তোমার চলচিত্র আর রেখাচিত্র অন্য কথা বলে। তুমি মোটেও উপেক্ষিত নও।
— সে তুমি বুঝবা না।

মাঝে মাঝে আমরা হারিয়ে যাই। যে যার কাজে ব্যস্ত। হঠাৎ মোবাইলের পর্দায় ভেসে ওঠে, "মনে রেখো"। কোনওদিন ভাবতে পারিনি লিখতে হবে মনে রাখার কথা।

কত কথা মনে আসছে, সব লেখাও যায় না। যেমন, নতুন ফ্ল্যাট কিনেছি, শঙ্করদাকে বললাম। এসে দেখে বলল, একটা দেওয়াল আমার জন্য ছেড়ে দাও, ছবি আঁকবো। আমি বললুম, বেশ তো, আঁকো। তারপর আর আঁকলো না। সারারাত ধরে ভাবলো আঁকবে কিন্তু সকালে একটা বিড়ি ধরিয়ে নিচে চা-এর দোকানে চা খেয়ে ধাঁ! একদিন দুপুরে বাড়ি এসে আমার মা-এর হাতে রান্না খেয়ে বলে, আবার একদিন খাবো কাকিমা। কিন্তু আর এলো না! এরকম বিভিন্ন সময়ে শঙ্করদা দেখা দিয়েছে হঠাৎ আবার হারিয়েও গেছে তেমনই। শুধু এবার হারিয়ে গেল, আর দেখা হবে না। 

Monday, 13 August 2018

প্রণাম সোমনাথ'দা

সোমনাথ'দার চোখে জল। জলের ধারা। আমি কোনওদিন দেখিনি। আমি নিশ্চিত, সর্বসমক্ষে ওঁর মত ব্যক্তিত্ব কাঁদছেন মানে মনের দুর্বল কোথাও আঘাত পেয়েছেন। এটা যে-সময়ের ঘটনা, তখনও সোমনাথ'দাকে ওরা বের করে দেয়নি। যদিও পার্টি তার ঠিক সাত মাস পরে ওটাই করবে যা পরের দশ বছরেও — ১৩ অগস্ট ২০১৮ পর্যন্ত — সোমনাথ'দা ভুলতে পারেননি।

— সোমনাথ'দা, চোখে জল?
— এত ভালো বানিয়েছে ছবিটা, মনটা কেমন করে উঠল।
— আপনি দিল্লিতে সারা দেশের সাংসদ'দের সামলান। আপনাকে কখনও দুর্বলচিত্ত মনে হয়নি...
— আসলে কি জানো, সংসদ তো কাজের জায়গা, সেখানে দৃঢ় থাকতেই হয়। কিন্তু এই ছবিটা আমাকে কেমন যেন করে দিল...

'তারে যমিন পর'।

না ওঁর সেদিন ছবি দেখতে যাওয়ার কথা, না আমার। আমি শান্তিনিকেতনে গেছি চাকরির ফাঁকে একদিনের ছুটিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে, উনিও সংসদের শীতকালীন অধিবেশন শেষে বোলপুরে। হঠাৎ দেখা। আমার মত অর্বাচীনকে চিনতে পারার কথা না। কিন্তু সোমনাথ'দা সবার খোঁজ রাখেন — ওঁর এলাকার ভোটার না হলেও! কিন্তু শত ব্যস্ততার মধ্যেও টুক-টাক কথা হয়ে যায়। গীতাঞ্জলিতে অবশ্য সেদিন সন্ধ্যের শো-এর পর বেশি কথা হয়নি।

গীতাঞ্জলি থেকেই সোমনাথ'দার সঙ্গে আমার পরিচয়। তখনও সাংবাদিক হইনি, সিপিএম-ও কোনওদিন করিনি। একটাই পরিচয় — সাংস্কৃতিক কাজ-কর্মে জড়িত ঝোলাওয়ালা ছাত্র, বীক্ষণের সঙ্গে যুক্ত, ফিল্ম সোসাইটি আন্দোলন করে।

— সোমনাথ'দা, গীতাঞ্জলি উৎসবে কুইজ প্রতিযোগিতা করাব একটা?
— এটা আবার ফিল্ম সোসাইটি-এর সঙ্গে কি সম্পর্ক?
— না না। ফিল্ম সোসাইটি না। জনসাধারণের জন্য কুইজ, যে কেউ আসতে পারবে।
— ও। বেশ তো। করাও। কোন দিন হল ফাঁকা দেখে নাও।

সোমনাথ'দার কথা-ই শেষ কথা। শুধু প্রথামাফিক একটা চিঠি। প্রাক-ফেসবুক যুগে মেমারি-বাঁকুড়া থেকেও লোক এসেছিল বোলপুরে কুইজে। ছবি দেখানো, ফিল্ম সোসাইটি চালানো — এ-সবে সোমনাথ'দার কাছে যা সাহায্য পেয়েছি আমরা, তা লিখে শেষ করতে পারবো না।

— তুমি ফ্রি আছো?
— আপনি ডেকেছেন, কি আর কাজ থাকতে পারে?
— ___-এর স্কুলের একটা অনুষ্ঠান আছে। একটু সঞ্চালনা করে দিতে হবে।

তখন আমি ছাত্র, আকাশবাণীতে গলা বেচে খাই। এক সন্ধ্যায় আকাশবাণীতে কাজ করলে জোটে ৭৫ টাকা। দিনমজুরির মত সন্ধ্যা-মজুরি।

— কিন্তু এর জন্য কোনও পয়সা পাবে না।
— সে না হয় দেবেন না! আকাশবাণী তো ৭৫ টাকা দিচ্ছে পাঁচ ঘন্টার অনুষ্ঠান সঞ্চালনাতে!
— বলো কি! এতো কম?
— ছাড়ুন তো! সবাই গরিব হয়েই থাকবো।

এর ক'দিন পরের কথা। মেলার মাঠে সে'বার ফুল-মেলার আসর। সোমনাথ'দা, সুধাংশু শীল এবং আরও অনেকে। আমার আবার ডাক পড়েছে উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনার। ফুল নিয়ে রবীন্দ্রসংগীত আর অনেক আলোচনা শেষ। আমি ঝোলা গুছিয়ে নেমেছি মঞ্চ থেকে। উদ্যোক্তাদের একজন এসে হাতে ধরালেন সাদা খাম। সোমনাথ'দা কারও সঙ্গে কথার ফাঁকে আড় চোখে দেখলেন। একটা হাসি।

মিলিয়ে যাচ্ছে। হাসিটা মিলিয়ে যাচ্ছে। বাংলা টিভি চ্যানেলের লাইভ নোটিফিকেশন ফেসবুকে। সাদা চাদরে মোড়া শরীর। লাল শুধু সেলামে।
শান্তিনিকেতনে যখন পড়ি, কলকাতার এক রাজনৈতিক আঁতেল বলেছিলেন, তোমাদের তো নাথের জায়গা — রবীন্দ্রনাথ আর সোমনাথ।
সত্যি। একজনকে দেখিনি, অনুভব করেছি নাথ।
অন্য নাথের কাজ দেখেছি, ক্ষয়িষ্ণু সময়ে নিরলস কাজ করে যাওয়া — সবার জন্য।


সোমনাথ'দা। ছবি ইন্টারনেট থেকে। ছবির সত্ত্ব আমার নয়।  

Monday, 30 April 2018

জীবনের আখড়া

২১শে ফেব্রুয়ারি ২০১৪। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠ। অশীতিপর এক বৃদ্ধ আমার হাত ধরে একটা ছোট্ট চাপ দিলেন।
আমি তো "ছেড়ে দিন, ছেড়ে দিন" বলে চিৎকার জুড়েছি।
উনি বলছেন, "এ বিশ্বনাথ দত্তের হাত, গোয়াবাগানের আখড়ার।"
"আপনি এখনও কুস্তি করেন?"
"করি মানে? এক প্যাঁচে তোমাকে শুইয়ে দেব এখানে!"
সমবেত হাততালি আর হো-হো হাসি! পাশ থেকে ওঁর নাতি বলল, "দাদুর সঙ্গে মোটেও কিন্তু পাঞ্জা লড়তে যাবেন না।"
"আমি কি পাগল!"
বিশ্বনাথবাবু বলেন, "একদিন গোয়াবাগান আসুন, গোবর গুহর সঠিক উত্তরসূরিদের সঙ্গে পরিচয় করিয়ে দেব।"
"আপনিও কি গোবর গুহর ছাত্র ছিলেন?"
"না তো কি? এমন গুরু আর কোথায় পাবো? তোমাদের প্রজন্ম তো ওঁর নামই শোনেনি!"


বিশ্বনাথবাবুর সঙ্গে আমি আর তর্কে গেলাম না গোবর গুহর — ইংরেজি বানানে পদবি লিখতেন গোহো — নাম ক'জন শুনেছে, বা শোনেনি। বছর কয়েক আগে আমিও তো জানতাম না গোবর গুহর নাম। তখন অবশ্য আমি স্কুলে পড়ি। প্রসিত'দা ডেকে পাঠালেন একদিন ক্লাসের পর।
— সেদিন কি একটা লেখার কথা বলছিলে?
— ঐ ফাল্গুনীতে একটা লেখা দেব ভাবছিলাম।
ফাল্গুনী আমাদের স্কুলের বার্ষিক পত্রিকা। সেখানে ছাপার অক্ষরে নিজের নাম দেখা এক অন্যরকম অনুভূতি। আমাদের আবাসিক স্কুলের প্রত্যেক ভবনে একটি করে দেওয়াল পত্রিকা থাকতো। এছাড়াও ছোটদের স্কুলের দেওয়াল পত্রিকা, বড়দের স্কুলে আরও একটা, প্রত্যেক হবি ক্লাবের একটা করে — দেওয়াল পত্রিকার ছড়াছড়ি নরেন্দ্রপুরে। কোনওটা সাপ্তাহিক, কিছু-কিছু পাক্ষিক, আবার হয়তো মাসিক। কেউ লেখে বাংলায়, কেউ ইংরেজি, হিন্দি এমনকি সংস্কৃততেও! কিন্তু এ সব ছাড়িয়ে ফাল্গুনী অনন্য — মোটা আর্ট পেপারের প্রচ্ছদ, ঝকঝকে কাগজে ছাপা, ভাষা-সাহিত্যের শিক্ষকরা বাছাই করেন সেরার সেরা লেখাগুলো, আর সবচেয়ে বড় কথা ফাল্গুনী পৌঁছে যায় নরেন্দ্রপুরের সর্বত্র, যা কোনও দেওয়াল পত্রিকা পারে না!


— গত বছরও একটা লিখেছিলে না?
— হ্যাঁ। কিন্তু সেটা নির্বাচিত হয়নি ছাপানোর জন্য। 
হবে কি! তখন সদ্য এসেছি স্কুলে। বিজ্ঞপ্তি এলো ফাল্গুনীতে লেখা দেওয়ার জন্য। এখনও মনে আছে সবে মাত্র দুটো দেওয়াল পত্রিকাতে লিখেছি ছোটোখাটো কবিতা — চার-ছয় পংক্তির, যেমন লেখে ১০-১১ বছরের বাচ্চারা। তাতেই নিজেকে মনে করছি রবীন্দ্রনাথ। এক রবিবার বাবা-মা এসেছেন দেখা করতে আমার সঙ্গে। বললাম ফাল্গুনীর কথা। ভাবলাম গদ্য লিখি। বলেছে অনধিক ৬০০ শব্দে। বাবা বলল ভ্রমণ কাহিনী। সপ্তাহান্তে বাবা-মা আবার এলেন। দেখলাম। বাবা বললেন, "বাহ্! বেশ হয়েছে।" ওঁরা কখনও নিরুৎসাহ করেন না, কিন্তু কোথায় গলদ সেটাও বলেন না — বিশেষত সাহিত্যের ক্ষেত্রে। অঙ্ক হলে অবশ্য অন্য কথা!
— কোথায় যেন একটা গিয়েছিলে, তাই নিয়ে লেখা...
— হ্যাঁ। বুদ্ধগয়া-গয়া-রাজগীর-নালন্দা... খুব একটা ভালো হয়নি হয়ত।
— সবসময় বড় লেখার জায়গা হয় না।
— এবছর কি একটা কবিতা দেব প্রসিত'দা? অভেদানন্দ ভবনের দেওয়াল...
— না না। কবিতা অনেক পাই আমরা। একটা নিবন্ধ লিখবে?
— লিখতে পারি।
— 'পারি' না। লিখবে যদি বল, আমি বিষয় বলে দিচ্ছি, পড়াশুনো করতে হবে। লাইব্রেরির পঞ্চানন'দাকে বলবে আমার কথা। উনি বইগুলো বের করে দেবেন।


হাতে চিরকুট নিয়ে দৌড়লাম লাইব্রেরিতে। পঞ্চানন'দাকে দিলাম। দশ মিনিটের মধ্যে চারটে বই হাতে। বাংলার ব্যায়ামবীরদের নিয়ে লেখা। এর মধ্যে খুঁজতে হবে গোবর গুহ — প্রসিত'দার দেওয়া বিষয়। পঞ্চানন'দা লাইব্রেরিতে ধুতি-পাঞ্জাবি পরতেন, প্রসিত'দা এবং আরও অনেকের মত। কিন্তু লাইব্রেরির বাইরে উনি ছিলেন আমাদের স্কাউটের শিক্ষক — অনুশাসনের প্রতীক।
— বইগুলো পড়া হয়ে গেলে টেবিলেই রাখবে। আমি তুলে রাখবো।
— কিন্তু এ তো একদিনে পড়া হবে না!
— বেশ। আমি কিন্তু এক সপ্তাহের বেশি রিডিং রুমে রাখতেও পারবো না।
আমি পড়ি বিপদে। যেভাবে হোক শেষ করতে হবে নোট নেওয়া। এদিকে ক্লাসের পরে মাত্র দুটো পিরিয়ড হয়তো পাই, না হলে লাইব্রেরি বন্ধ হয়ে যাবে বিকেলে। যাই হোক, গোবর গুহ চলছে, গোয়াবাগান, কুস্তি শেখা, গামার সঙ্গে পার্ক সার্কাস ময়দানে বিখ্যাত লড়াই, তারও আগে বিশ্বজয়ী হওয়া... আমি নোট নেওয়া শেষ করলাম ৪-৫ দিনে। এরপর লেখার পালা। এর আগে কোনওদিন এরকম গবেষণা করে কিছু লিখিনি। ষষ্ঠ শ্রেণিতে এর বেশি করা সম্ভবও না!


— এত কিছু লিখেছ কেন? শব্দ সংখ্যা কত দেখেছ?
— না। 
— যে কোনও পত্রিকায় লেখার প্রথম শর্তই হচ্ছে, কত শব্দ লিখতে হবে। যেরকম চাওয়া হবে, তার মধ্যে তোমার ভাবনা প্রকাশ করতে হবে।
শুরু হল সম্পাদনার প্রথম পাঠ, প্রসিত'দার কাছে। মাজা-ঘষা চলছে গোবর গুহ'র। প্রায় বার চারেকের পর মোটামুটি একটা দাঁড়ালো ব্যাপারটা। প্রসিত'দার খুব আনন্দ। তার চেয়ে বেশি আনন্দ আমার — ফাল্গুনীতে বেরোবে আমার প্রথম লেখা, ছাপার অক্ষরে নিজের নাম!


এখন অনেক লেখা বেরোয়, নিজের নামে। উত্তেজনা কমে এসেছে, আনন্দও। অন্যের লেখা পুনর্লিখনে মজা বেশি পাই। এরকম আনন্দই কি পেতেন প্রসিত'দা? প্রসিত রায়চৌধুরী। ডক্টরেট। হতেই পারতেন অধ্যাপক। পড়াতে পারতেন কোনও বড় কলেজে। কিন্তু এসেছিলেন স্কুলে, রামকৃষ্ণ মিশনে, আমাদের কিছু শেখাতে। নিজেও লিখেছেন অনেক, গবেষণা করেছেন সোনারপুর-রাজপুর-হরিনাভির আঞ্চলিক ইতিহাস নিয়ে। বোড়াল-আদিগঙ্গার গল্প তো ওঁর কাছেই শোনা। আমার সহপাঠী আবির সে-দিন পাঠালো প্রসিত'দার ছবি, দেখা করতে গিয়েছিল। কোনও এক অজ্ঞাত কারণে ওঁর পেনশন নেই, বা বন্ধ। দুর্দশা। কষ্ট। নিঃসঙ্গতা গ্রাস করেছে। হয়ত সান্ত্বনা একটাই — কেউ কেউ তো লিখছে, লিখতে শিখেছে, পরের প্রজন্মে সঞ্চারিত হয়েছে কালি-কলম... 


প্রসিত'দা এখন। আবিরের তোলা ছবি 

..............................................

© সুপ্রতিম পাল 

Monday, 20 November 2017

রফি আর গৌতমদা

वो जब याद आए बहुत याद आए
ग़म-ए-ज़िंदगी के अंधेरे में हमने
चिराग-ए-मुहब्बत जलाए बुझाए...

মুহম্মদ রফি। 'পরশমণি'। ১৯৬৩।

সেদিন মধ্যরাতে মেসেঞ্জারে ভেসে আসে রফি সাব। গৌতমদার হাত ধরে। ভেসে আসে সেই সময়। বৃষ্টিতে ভেসে যাচ্ছে চারপাশ। রাস্তার পাশে এক মন্দিরে আশ্রয় নিয়েছি আমরা। কীর্ণাহারের কাছে মুণ্ডমালিনী মন্দির। এর অদূরে আমাদের ত্রিপল টাঙানো হয়েছিল — পিকনিকের রান্নার জন্য। জানুয়ারির আচমকা বৃষ্টি এসে এলোমেলো করে দিচ্ছে রান্নার তোড়জোড়। এলোমেলো সময়ে ভেসে আসে রফি, গৌতমদার গলায় —

दिल की कहानी पहुची ज़ुबां तक, किस को खबर अब पहुंचे कहाँ तक
प्यार के राही आये यहाँ तक, जायेंगे दिल की हद है जहाँ तक
तुम साथ दो तो चले हम आसमां तक
दिल में अरमां लिए, लाख तूफां लिए
आ गये, आ गये ...

আমাদের কোনও লতা নেই? 'হাসিনা মান জায়েগী'। কেউ কি গৌতমদার সঙ্গে গলা মেলাতে পারে না? ১৯৬৮-র লতা পাওয়া দুষ্কর ২০০০-এর ১৯-শে জানুয়ারী। একাই গেয়ে যান গৌতামদা। আমার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গৌতম ঘোষাল। অনেকের মধ্যে থেকেও একা। অসময়ের বৃষ্টি উপেক্ষা করেও কেউ-কেউ হাতে হাত রেখে সর্ষেক্ষেতের আলপথ ধরে পাড়ি দিয়েছে আহমদপুর-কাটোয়া ছোটরেল লাইনের দিকে। গৌতমদা গাইছেন,

... मुसाफ़िर मैं तू मंज़िल है, मैं प्यासा हूँ तू सावन है
मेरी दुनिया ये नज़रें हैं, मेरी जन्नत ये दामन है...
लिखे जो ख़त तुझे
वो तेरी याद में
हज़ारों रंग के
नज़ारे बन गए ...

আমিনিয়াতে বিরিয়ানি খাওয়ার ইচ্ছে থাকলেও ছাত্রাবস্থায় পয়সার অভাবে কোনওদিন হয়ে ওঠেনি। একদিন অফিসে আসার আগে গেলুম খেতে। পাশের রফি-ভক্ত পানের দোকানে শুনি,

... मुहब्बत कर तो लें लेकिन, मुहब्बत रास आये भी
दिलों को बोझ लगते हैं, कभी ज़ुल्फ़ों के साये भी
हज़ारों ग़म हैं इस दुनिया में, अपने भी पराये भी
मुहब्बत ही का ग़म तन्हा नहीं, हम क्या करें ... 

পরশু রাতে গৌতমদা পাঠালেন এটাই — लुटे दिल में दिया जलता नहीं, हम क्या करें । तुम्ही कह दो, अब ऐ जाने-अदा, हम क्या करें...

আমি তখন খুব ছোট। বাবা কিনলেন ফিলিপসের টেপ রেকর্ডার। সে শুয়ে থাকতো। অনেক ক্যাসেটের সঙ্গে সাজানো 'হম কিসি সে কম নাহি-ইয়াদঁ কি বরাত'। বি-পিঠের দ্বিতীয় গান পনেরো বছর পর শান্তিনিকেতনের হাতিপুকুরের কোণের কোয়ার্টারে শুনি এরকমই এক প্রাক-শীতের সন্ধ্যায়, সঙ্গে গৌতমদারই করা কালো কফি —

याद है मुझको तूने कहा था
तुमसे नहीं रुठेंगे कभी
फिर इस तरह से आज मिले हैं
कैसे भला छूटेंगे कभी
तेरी बाहों में बीते हर शाम
के तुझे कुछ भी याद नहीं
क्या हुआ ...


মুহম্মদ রফি। ইন্টারনেটের সৌজন্যে প্রাপ্ত

Monday, 6 November 2017

আঠারো বছর আগের এক রাত

সেই প্রথম কোনও হাসপাতালে আমার রাত জাগা। সরকারি হাসপাতাল। বসার জায়গা নেই বললেই চলে। একটা বেঞ্চে জায়গা পেলাম। আরও কয়েকজনের সঙ্গে। বাইরে কালিপুজোর মাইক বেজে চলেছে। কলকাতার শহরতলি মধ্যমগ্রাম বিখ্যাত কালিপুজোর জন্য। হাসপাতাল বলে মাইকের জোর কমে না — সামাজিক জ্ঞান মানুষের তখনও ছিল না, এখনও নেই। রাতের খাবার আয়ার হাত দিয়ে পৌঁছে গেছে উপরে। আমার কোনও কাজ নেই — বসে বসে মশা মারা ছাড়া। পাশের ওষুধের দোকানে খোঁজ করতে অবশ্য মেলে মশা মারার ধূপ — কছুয়ার তখন ভালো বাজার। মাঝরাতে কোনও এক সময় ধূপ নিভে গেলে দেশলাইয়ের খোঁজ করি নিদ্রামগ্ন পাশের লোকের কাছে। দেশলাই পেলাম, সঙ্গে ঘুম ভাঙানোর জন্য একরাশ বকা — কেন দেশলাই রাখতে পারেন না, বিড়ি খান না তো কি দেশলাই রাখা যায় না... ইত্যাদি ইত্যাদি। বনগাঁ লাইনে যাতায়াতের সূত্রে গালাগাল খাওয়া-দেওয়া তখন জলভাত। এসব ছোটখাটো ব্যাপারে কান দিতে নেই।

বরঞ্চ কান খাড়া রাখতে হয় আয়াদের ডাকের জন্য। আঠারো বছর আগে "......... বাড়ির লোক কে আছেন?" এসব শোনার জন্য কান অভ্যস্ত ছিল না। এখনকার কর্পোরেট হাসপাতালের মত মাইকে ঘোষণা আসতো না ভেসে। এক আয়ার চীৎকারে ঘুম ভাঙে ভোরের দিকে। না, আমার তলব হয়নি। যার ডাক পড়েছে সেই সকালে সে চিন্তিত মুখে ছোটে ভেতরে। ফিরে আসে উদভ্রান্ত হয়ে — রক্ত লাগবে। ছুটল স্টেশনের দিকে। মানিকতলায় সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক ছাড়া রক্ত পাওয়া দুষ্কর। আমি রাতের আয়াকে চুপচাপ জিজ্ঞাসা করি বেড নম্বরের কথা — হাসপাতালে বেড নম্বরটাই দিদির পরিচয়। বললেন, ভালোই আছে, স্যালাইন চলছে। আর ছেলে?
— আপনার ছেলে ভীষণ দুরন্ত। দেখে কে বলবে কাল দুপুরেই হয়েছে!
— আমার না। আমি ওর মামা।
— ও বাবা! তা, মিষ্টি কৈ?
— কাল যে সব্বাইকে খাওয়ালাম।
— সে তো দিনের আয়ারা খেয়েছে। আমি আছি আটটা পর্যন্ত, নিয়ে এস।

দত্তপুকুর । ২৬-জানুয়ারী-২০০১

কাছাকাছির মধ্যে একটাই মিষ্টির দোকান খুলেছে সবে। এক হাঁড়ি রসগোল্লা। আরেক প্রস্ত মিষ্টি খাওয়া, বা খাওয়ানো, ওয়ার্ডের বাইরে। ভেতরে উঁকি দিয়ে দেখার চেষ্টা করি তাকে।
— উঁকি না দিয়ে চলেই যাও না ভেতরে!
— কিন্তু এখন তো ভেতরে যাওয়া মানা। ভিজিটিং আওয়ার্স তো সকাল দশটা থেকে...
— অতশত না ভেবে দেখে এস কেমন দুষ্টুমি করছে সে!
একা ছেলে খেলে বেড়াচ্ছে সকাল থেকেই — আজও যেমন করে! দিদিকে ডাকি, কোনও অসুবিধে হচ্ছে কিনা জানতে। আচ্ছন্ন গলায় দিদি মাথা নেড়ে বোঝায় সব ঠিক আছে। বেরিয়ে আসছি, কান্না জুড়েছে সে। ফিরে তাকাই, চুপ। আবার বেরনোর চেষ্টা; আবার কান্না। আয়া মজা করে বলে, ও তোমাকে ছাড়বে না।

ছাড়েও নি। আজও দু'হাজার কিলোমিটার দূর থেকে শুনতে পাই, মামাই ও মামাই, ইডেনে খেলা দেখাতে নিয়ে যাবে না? 

Saturday, 14 October 2017

প্রশ্নোত্তর

খুব ইচ্ছে ছিল প্রশ্ন করার। সবারই থাকে — কেউ উত্তর পায়, কেউ পায় না। কখনও মনে হয়, সত্যজিৎ রায়কে জিজ্ঞাসা করতে পারতাম, আপনি আমাকে আঁকা শেখাবেন? আমার অনেক আক্ষেপের মধ্যে এটা একটা বড় আক্ষেপ আছে — আঁকতে না পারা। খুবই হাস্যকর হয়ত। ততোধিক হাস্যকর হত যদি সত্যজিৎবাবুর কাছে আঁকা শেখার একটা বিফল প্রচেষ্টা করতাম। উনি রেগে গিয়ে হয়ত তাড়িয়েই দিতেন! কথা হচ্ছে হঠাৎ সত্যজিৎ রায় কেন? বয়সটাই তো অমন ছিল তখন — ফেলুদা আর শঙ্কু-ময় জীবন। আর্টিস্ট তখন আমার কাছে মাত্র দু'জন — সত্যজিৎ আর আর্জে। দ্বিতীয়জনের সান্নিধ্য পাওয়া অসম্ভব কারণ তিনি আমার জন্মের বছর তিনেকের মধ্যেই প্রয়াত। রইলেন শুধু উনি। কিন্তু তাও প্রশ্নটা করা আর হল না!


যত বড় হয়েছি আমার প্রশ্নমালা বেড়েছে কিন্তু যাদের করব বলে ভেবেছিলাম তাদের সংখ্যা কমেছে কালের নিয়মে। অনেকের সামনা-সামনি হয়েও প্রশ্নগুলো করা হয়ে ওঠেনি। যেমন, সুনীল গঙ্গোপাধ্যায়। জানা হয়নি, উনি কি ট্রেকিং করতেন? না হলে, কাকাবাবু অত-শত জায়গাতে যেতেন কি করে? নিজে ভীমবেটকাতে না নামলে কি কাকাবাবু নামতে পারতেন? বেশ কয়েকবার ওঁর সঙ্গে দেখা হলেও জানা হয়নি এটা! পূর্ণেন্দু পত্রীর আঁকা যখন বুঝতে শিখলাম তখন উনি আর নেই; শুধু একবার কোনও এক কবিতা উৎসবে আমার খাতায় সই করে দিয়েছিলেন। ও-ভাবে "প" লেখার কত চেষ্টাই না করেছি তারপর! একবার সাহস করে বললে কি ক্যালিগ্রাফি শেখাতেন না?

ঋতুপর্ণ ঘোষের সঙ্গে দেখা হলেও ওঁর ছবিতে feminine sensibility নিয়ে কোনও প্রশ্ন করা হয়নি; আজ ভাবি একটু কথা বলে রাখলে ঋদ্ধ হতাম। নব্বইয়ের দশকে ওরকম বাংলা পরিচালক আর কে ছিলেন? 'তিতলি'র premier-এ প্রথম দেখা; শেষ দেখা টিভির পর্দায় — শায়িত, ভিড় জমে গেছে আনোয়ার শাহ রোডে।

অনেক মুখের ভিড়ে আমিও গেলাম মিশে বাংলা একাডেমি চত্বরে; শুয়ে আছেন তিনি। কেউ যেন এসে রেখে গেল পুষ্পস্তবক। লেখা, 'মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য্যের শ্রদ্ধার্ঘ্য'। আমি তখনও বোকার মত ভাবছি ওঁর মুখ থেকে যদি দেশভাগের সময়টা একটু জানা যেত কিন্তু অন্নদাশঙ্কর রায় তো চিরশয্যায়। কিছুই জানতে পারি না ভালো করে, শিখতে পারি না। ১৯৭৫-এর Emergency নিয়ে গবেষণামূলক পড়াশোনা করছি। ভাবলাম, সাংবাদিক বরুণ সেনগুপ্তের সঙ্গে একদিন দেখা করে শুনব কি করে সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করেছিল ইন্দিরা গান্ধী সরকার। ফোন করলাম। অসুস্থ। নিকটাত্মীয় বললেন, ক'দিন পর ফোন করতে। দরকার হয়নি। বর্তমান হঠাৎ অতীত।

মৃত্যুর আকস্মিকতায় আমি বিস্মিত হইনা কিন্তু গুণীজনদের কাছে এসেও শেখা শেষ না হওয়া পীড়িত করে। শেখার শেষ নেই — এ যেমন সত্য তেমন আরও একটু আরও একটু করে অনেকটা শিখে নেওয়াও যেত। আমাদের নাটকের দলে আমি তখন আলোর দায়িত্বে। শিশির মঞ্চ
— কত ওয়াটের আলো নিচ্ছ তোমরা?
— এ তো জানি না! হিসেবে করতে হবে।
— সে কি! এসব তো মুখস্থ থাকা উচিত তোমার। শম্ভু মিত্র একবার রেগে স্টেজ ছেড়ে চলে গিয়েছিলেন কারণ ২৫,০০০ ওয়াট আলো ছিল না বলে! ভাবতে পারো?
এই কথোপকথন যাঁর সঙ্গে, তিনি প্রবাদপ্রতিম তাপস সেন। সময়-সুযোগ বেশি পাইনি ওঁর সঙ্গে কাজ করে আরও কিছু শেখার।

আলো হয়ে আসে অন্ধকার। শান্তিনিকেতনে আঁধার নেমেছে গরমের দুপুরেই। কণিকা বন্দ্যোপাধ্যায় প্রয়াত। আশ্রমকন্যা ফিরছেন শকটে, গভীর রাতে, কলকাতা থেকে। 'আনন্দধারা'য় ভুবন বইছে, বহমান মানুষ। শুধু গান গেয়েই কি স্পর্শ করা যায় সবার হৃদয়? গান তো একটা মাধ্যম মাত্র, বলতেন শ্যামলী খাস্তগীর, 'মানুষের কাছে আসতে গেলে তাদের মত ভাবতে হয়, আপন করে নিতে হয়।' যদুগোড়ার ইউরেনিয়াম খনির তেজস্ক্রিয়তা নিয়ে সচেতনতা তৈরি করেছিলেন শ্যামলীদি দীর্ঘদিন ধরে, গ্রামবাসীদের কাছে তিনি ভগবান। ওঁর বাড়িতে এক দুপুরে হাতে করা নাড়ু খেতে খেতে জিজ্ঞাসা করেছিলাম, এরকম সব বড় বড় কোম্পানির সঙ্গে সংঘাতে আপনার ভয় করে না? জানলার বাইরে তাকিয়ে শুধু স্মিত একটা হাসি। উত্তর নেই।

উত্তর দিয়েছিলেন মহাশ্বেতা দেবী। 'প্রতিবাদ যেন না থামে। না হলে পরের প্রজন্ম উত্তর চাইবে।' আমরা তখন একটা আদিবাসী গ্রামে আন্দোলন করছি তাকে প্রমোদনগরী বানানোর প্রচেষ্টার বিরুদ্ধে। ভেবেছিলাম এক ফাঁকে জেনে নেব আমাদের বিশ্বভারতীর ইংরেজি বিভাগের পুরনো কথা বিভাগের প্রাক্তনী মহাশ্বেতাদির কাছে। কিন্ত হল না ঐ ইতিহাস জানা। এর কিছু আমাকে বলেছিলেন অবশ্য অমিতা সেন। আশ্রমের কথা, গুরুদেবের কথা, কষ্ট করে ছেলে অমর্ত্যকে বড় করার কথা... অনেক কথা একসাথে, যা ২০ মিনিটের মধ্যে সম্পাদনা করতে আকাশবাণীর ঠান্ডা ঘরেও ঘেমে গেছিলাম। অমিতাদির জীবনের শেষ সাক্ষাৎকার ছিল ঐটি। এত কিছুর মধ্যেও কোথায় লুকিয়েছিল আনন্দ তা আর খোলসা করলেন না। শুধু বললেন, আনন্দ সর্ব কাজে!

কাজটাই তো করতে চেয়েছিল বিক্রমদা। মধুরাতে একদিন খেলা থেমে যাওয়ার আগে রতনপল্লির আড্ডার মধ্যে জিজ্ঞাসা করেছিলাম, গান গাওয়া-কবিতা লেখা-ছবি আঁকা, কোনটা বেশি টানে তোমাকে? বলেছিল, ভেবে বলবে। বলেনি আর। চুপচাপ চাঁদের আলোর দেশে চলে গেল হাসি তার আমাদের মাঝে রেখে গিয়ে। অনেকেরই মত। 

Thursday, 5 October 2017

বাংলা, না ইংরেজি?



আমার স্কুলের সহপাঠী মারুফের দুঃখের কারণ আছে। সে বাংলা ভাষার অন্যতম প্রকাশক। যে-বছর আমি ইংরেজি ভাষাশিক্ষান্তে ইংরেজি কাগজে শিক্ষানবিশ সম্পাদক হিসেবে চাকরি পাই, সেই বছর মারুফ উদ্যোগী হয়ে শুরু করে "অভিযান", যা আজ বাংলা প্রকাশনা জগতে আনন্দ-মিত্র ঘোষ-দেজ প্ৰভৃতির সমতুল্য। মারুফ মাঝে-মাঝেই বলে/লেখে প্রকাশক হিসেবে তার অভিজ্ঞতার কথা, যার মধ্যে প্রধান হল দুই ধরণের দৌর্বল্য — আর্থিক এবং সাহিত্যিক।

আনন্দবাজার গোষ্ঠীর মত আর্থিক পৃষ্ঠপোষকতা "আনন্দ" যে-ভাবে পেয়ে এসেছে, তা মারুফের মত শহরতলির মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা প্রকাশকরা হয়ত কোনওদিন পাবে না। এহেন প্রকাশকদের একসঙ্গে অনেক কাজ করতে হয় — লেখা খোঁজা থেকে শুরু করে বই বিক্রি করা। এর প্রত্যেক ধাপে থাকে বাধা। সে-সব উপেক্ষা করে একটা ভাষাকে ভালোবেসে মানুষের কাছে বই পৌঁছে দেওয়ার আনন্দ-ই হয়ত মারুফের চালিকাশক্তি — বইপাড়ার অনেকের মতই।

এত কিছুর পরেও বাংলা বই না পড়লে প্রকাশকের দুঃখ তো হবেই। একজন দেখলাম মারুফের এই পোস্টের নিচে লিখেছেন, ইংরেজির মত বাংলাতে ভালো বই কোথায় এখন? বিশেষতঃ, থ্রিলার বা রোমহর্ষক গল্প যা কি না ট্রেন-প্লেনের যাত্রীদের প্রথম পছন্দ। আছে। নিশ্চয়ই লেখা হচ্ছে। কিন্তু আমরা পড়ছি কি? প্রকাশকের দায়িত্ব যদি বই প্রকাশনা করা, পাঠকেরও একটা দায়িত্ব থাকে: পড়া। শেষ কবে আপনি কাউকে বাংলা বই উপহার দিয়েছেন? বা, পেয়েছেন? ভাবুন।

আমরা আসলে অনেক বড় বড় কথা বলি কিন্তু তার সিকিভাগ-ও কি মেনে চলি? ইংরেজি তো শিখবেন ও শেখাবেন কিন্তু নিজের মাতৃভাষাটি ভুলে গেলে কি চলবে? বাংলা কি শুধুই সন্ধ্যেবেলাতে চ্যানেল-ভর্তি সিরিয়ালের মালা? বাংলা পড়েন ও পড়ান তো? নিজেকে প্রশ্ন করুন। আমার আপনার সন্তান phrasal verb-appropriate preposition এসবের পাশাপাশি সন্ধি-কারক-বিভক্তি-প্রত্যয়-সমাস-সমার্থক শব্দ-সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ শিখছে তো? যদি উত্তর হয়, "হ্যাঁ", তবে চিন্তা নেই; উত্তর "না" হলে দোষ কিন্তু আপনার — কোনও সরকার, স্কুল, কলেজ, প্রকাশকের নয়।

আর বাংলা না শিখে ইংরেজি শিক্ষার মধ্যে আলাদা কোনও সাহেবিয়ানা আছে বলে আমার মনে হয় না। নিজের ভাষা বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজন নিজেকেই; একদিন আমার আপনার বাড়ি থেকেই উঠে আসবে ভবিষ্যতের রবীন্দ্রনাথ-আশাপূর্ণা-সুনীল। অন্যকে (স্কুল, পড়ানোর মাধ্যম, কাজের সুযোগ ইত্যাদি ইত্যাদি) দোষারোপ না করে আসুন বাংলা শিখি, পড়ি, লিখি। এখন ইংরেজি তো আছেই সর্বত্র — মোবাইলের কীবোর্ড থেকে ইন্টারনেটে। প্রয়োজন বাংলাকে আয়ত্ত করা — শুনতে অবাস্তব লাগলেও এটাই সত্যি। ২০১৭-তে ইংরেজি ব্যবহার অনেক সোজা, বাংলা রপ্ত করা কঠিন।

Tuesday, 19 September 2017

ঘরে ফেরা

ঢালাই ঠিক কী বস্তু, সেটা বোঝার বয়স হয়নি তখনও। আমরা ওখানে ফুটবল-ক্রিকেট খেলি, ঘুড়ি ওড়াই, বড় ইটের গাঁথনিগুলোর পিছনে লুকোচুরি। লোকজন বলত, ওখানে নাকি প্লেন নামে। আমি কোনও দিন দেখিনি। বাবা বলেছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বানানো এই ঢালাই — রানওয়ে, যুদ্ধবিমান নামার। আমি যুদ্ধ বুঝি না — তখনও না, এখনও না — তায় আবার বিশ্বযুদ্ধ, এবং দ্বিতীয়।আমার বিশ্ব তখন ঢালাই-এ খেলতে যাওয়া। আমার সবচেয়ে পছন্দের খেলা মার্বেল, কালো মার্বেল। একটা ফায়ারিং রেঞ্জ ছিল ঢালাই-এর এক কোণে।সেখানে হয়তো সেনারা গুলি চালানোর মহড়া দিত কোনও এক সময়ে কিন্তু আমাদের গুলি হল মার্বেল ! সে দিয়ে মহড়া হয় না, যুদ্ধ হয় না — শুধু পাশের বাড়ির হ্যাপি-বুম্বার সঙ্গে ঝগড়া হয় খেলতে খেলতে।


সেদিন এরকম বাড়ি ফিরেছি। সন্ধ্যা নেমেছে চারপাশে। চোখে-মুখে সকালের রোদ মাখা আলো নিয়ে দিদি বলল, টিকিট হয়ে গিয়েছে।
— কিসের?
— তুই একটা হাবা।
— কেন?
— আবার কেন? ভুলে গিয়েছিস, আমরা পরশু বহরমপুর যাব?
— তাই?
— তুই সারাদিন খেলেই বেড়া। পরশু যে চতুর্থী। 





ডিএসটিসি-র বাস চলত দুর্গাপুর থেকে বহরমপুর। আমরা উঠতাম পানাগড়ের দার্জিলিং মোড় থেকে।পুজোর আগে ডিএসটিসি (দুর্গাপুর স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, এখন অতীত) বাসের টিকিট পাওয়া ছিল দুঃসাধ্য।পানাগড়ের আমাদের পাড়ার একজন চাকরি করতেন ডিএসটিসি-তে। তিনি একদিন আগেই টিকিট দিয়ে যেতেন আমাদের। ‘ঘরে ফেরা’ সুষ্ঠু ও নিশ্চিত করতে এই ধরনের কত ‘আপনে’র সাহায্য আমরা বিভিন্ন সময় পেয়ে এসেছি; খুব আশ্চর্য ভাবে এঁরা কেউই আমাদের আপন সম্পর্কের ছিলেন না।এরকম ছিলেন কেষ্টদা। শিয়ালদহতে কারশেডের শান্টিং বিভাগে কাজ করতেন; আর আমরা যখন বারাসত থেকে বহরমপুর যেতাম, লালগোলা প্যাসেঞ্জারে জায়গা রেখে দিতেন! শুধু মা-এর বাপের বাড়ি যাত্রা সুগম করার জন্য ‘আপনার’ এই মানুষটির সে কী সদিচ্ছা। কোনও এক কুমোর শিল্পীর ঘর থেকে আমি-আপনি এরকমই আগ্রহে কতবার মা দূর্গা-কে এনেছি মণ্ডপে। সে কি কেবল পুজো করব বলে? না কি অভয়াশক্তি বলপ্রদায়িনী আমাদেরই মা।


— কিন্তু মা, এ তো চারিদিকে জল! আমাদের বাস যাবে কী করে?
— যাবে যাবে। এবার মা-এর নৌকোয় আগমন, তাই এমন অবস্থা।
— আমরা তো বাসে যাচ্ছি।
—  আমি মা দূর্গার কথা বলছি।
— ওঁর নৌকা কে চালায়? ড্রাইভার?
— মাঝি আছে দেবীর।
— কোথায়? আমরা দেখতে পাই না তো!
— পাবি। এবার কেউ না কেউ ঠিক করবেই দেখিস। মা আসছেন নৌকোয়।
—  অজানা বা অভ্যুদয়?
— করতে পারে। কিন্তু ওগুলো তো আমাদের বাড়ি থেকে অনেক দূর। বৃষ্টি কমলে দেখতে যাবো।
— রিকশা-তে?
— হ্যাঁ।
— কিন্তু স্বর্গধাম করে না কেন? বাড়ির কাছেই তো।
— ওরা মণ্ডপ নিয়ে বেশি ভাবে না। ওদের প্রতিমা-ই আসল। যামিনী পালের করা।
— যামিনী পাল কি আমাদের কেউ হয়? আমরাও তো পাল।
— না! আমাদের কেন হবে?
— যদি হত... 


অনেক কিছুই ভাবি যদি হত, কিন্তু হয় না। বাস চলে ধীরে, জল কেটে। সিউড়ি-তে যখন ১৫ মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল, তখনও বুঝতে পারিনি এত জল। সাঁইথিয়ার পরে ময়ূরাক্ষী পার হয়ে বুঝলাম এই ১৯৮৭-এর বন্যা কেন রেডিওতে খবরে সারাক্ষণ। পাট শুকোচ্ছে রাস্তার উপর, গরু নিয়ে উঁচু ডাঙায় ঘর বেঁধেছে মানুষ, ত্রিপলের ঘর। কান্দি, গোকর্ণ সব জলের তলায়। বৃষ্টি বন্ধ কিন্তু জল নামেনি তেমন। পরশু ষষ্ঠী... 


— মা, এরা কী করে পুজো করবে?
— খুব দুর্দশা। হয়তো হবে না এখানে এ-বছর।
— তাহলে দূর্গা ঠাকুর এ-বছর ঘরে ফিরবেন না?
— ফিরবেন। এখানে না।
— ওঁর কি অনেক ঘর? অনেক বাড়ি?
— অনেক। 


আমাদের বহরমপুরে একটাই বাড়ি — দিদার বাড়ি। সে বাড়িতে আমার অনেক আদর। সেখানে দিদা আমার জন্য মুড়কি করে রাখে, ছোটমণি বন্দুক আর ক্যাপ কিনে রাখে, অষ্টমীর সকালে অঞ্জলি দিতে যাওয়ার জামা কিনে দেয় ফুলমণি, রাঙামেসো পেতলের হাঁড়িতে নবমীর সকালে পোলাও করে খাওয়ায়, আর দশমীতে অঢেল ছানাবড়া। সেখানে কেউ তখন আর হয়তো বলে না, "যাও যাও গিরি আনিতে গৌরী, উমা নাকি বড় কেঁদেছে"। কিন্তু আগমনী সুর সেই বাড়িতে কখনও থামেওনি। দিদার সঙ্গে আচার্যপাড়া সার্বজনীনে খিচুড়ি ভোগ খাওয়া বা জগদম্বাতে সবুজ অসুর দেখতে যাওয়া বা সবাই মিলে ভাগীরথীতে বিসর্জনের সময় বাজি পোড়ানো হয় না এখন আর। হবেও না আমার; ১৯৯৮-এ কালীপুজোর ঠিক পরেই দিদা চলে গেল। অন্য বাড়ি। অন্য ফেরা। 


১৯৮৯। সেবার বহরমপুর গেলাম না আমরা। পানাগড় ছেড়ে আমরা তখন বারাসতে চলে এসেছি। আমাদের আদি বাড়ি। দূর্গার ঘরে ফেরার সময় হয়ে এল। শেঠপুকুর সার্বজনীনের বাঁশবাঁধা শেষ। দাদুর বাড়ির জানলা থেকে দেখা যেত শুধু কার্তিক ঠাকুর। বাইরে চাকরির সুবাদে বাবা বেশির ভাগ দূর্গাপুজোয় বাড়ি থেকে দূরে। সেবার বদলি হয়ে ঘরে, বাবার কাছে। শেঠপুকুর আর আমার স্কুলের মাঝে বিশাল জায়গা জুড়ে কাশফুল ফুটত। কাশের না কি বেশি কাছে যেতে নেই। রোঁয়া উড়ে মুখে যায় ঢুকে, দিদি বলত। আমি ভাবতাম, তাহলে অপু আর দূর্গা কী ভাবে কাশবনের মধ্যে দিয়ে ছুটছে? প্রশ্নের উত্তর যেখানে মেলে না, সেখানে একদিন হারিয়ে গেল দাদু। সেদিন ষষ্ঠী; ঢাকে পড়ল কাঠি; বোধন — দূর্গা আসছে ঘরে। সেদিন শ্রাদ্ধ, দাদুর। অন্য ঘরে ফেরা — হয়তো ঠাকুমার সঙ্গে দেখাও হবে।





হস্টেলে যারা থাকে, পুজোর সময় তাদের ঘরে ফেরা কেমন হয়? রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরে পড়তাম তখন। পুজোর ঠিক আগেই শেষ হত আমাদের ষান্মাসিক পরীক্ষা, আর মহালয়াতে "অয়ি গিরি নন্দিনী" বেঁধে দিত বাড়ি ফেরার সুর। এখনও ভাবলে গায়ে কাঁটা দেয় সমবেত ১২০ জনের গাওয়া মহিষাসুরমর্দিনী স্তোত্র। ক্লাস সেভেন। তখনও কেবল রেডিওতেই শোনা যেত বীরেন্দ্রকৃষ্ণের "আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জীর..."উত্তম মহারাজের ঘরে ফিলিপস্-এর বড় রেডিও। সেদিন — বলা ভাল ভোররাতে — রেডিও বাইরে রাখা। সুপ্রীতি ঘোষের "...সে সুর শুনে, খুলে দিনু মন..." সেদিন আবার ভৌতবিজ্ঞান পরীক্ষা। কিন্তু মন ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলাতে। পরীক্ষা শেষ হলেই দুপুরের খাওয়া শেষে বাড়ি। মা আসবে নিতে। ২১৮ বাস। বারুইপুর থেকে নরেন্দ্রপুর হয়ে ধৰ্মতলা। যাওয়ার পথে কিছু ঠাকুর দেখে নেওয়া — বাসের জানালা থেকে। কোথাও প্রতিমা যাচ্ছে মণ্ডপে, কোথাও মণ্ডপ তখনও অর্ধসমাপ্ত। 


— দিদি জামা কিনে রেখেছে তোর জন্য।
— ক’টা?
— অনেক। বাবাও মানি অর্ডার করেছে। সেটাতে কাল কিনে দেব কিছু একটা।
— জিন্স কিনব।
— কী রঙের কিনবি?
— নীল। বাবা আসবে না পুজোতে?
— না। ছুটি পায়নি।
— বাবাদের অফিসে কেন ছুটি হয় না?
— আসবে হয়তো পুজোর পর।
— পুজোর পর কেউ ঘরে ফেরে?


সকালের বিশ্ব-ভারতীতে কী ভিড়! বসার জায়গা তো দূর অস্ত, দাঁড়ানোই যাচ্ছে না ভাল করে। ওদিক থেকে তমোঘ্ন জিজ্ঞেস করে, পেলে জায়গা? কেউ কি বর্ধমানে নামবে? আমি বলি, কেউনা। সবাই বলছে হাওড়া। মহালয়ার পরের সকাল। শান্তিনিকেতনে আমরা মহালয়াতে আনন্দ-বাজার করি। সে অন্য রকম মজা। সকাল থেকে দোকান বাঁধা, রান্নার বাজার করা, রান্নায় যাতে কারও অসুবিধা না হয় তা দেখা, বিকেল সাড়ে চারটে নাগাদ সেগুলো দোকানে এনে পসরা সাজিয়ে বসা, ক্যাশ সামলানো, তারপর রাত ন'টার সময় দোকান-পাট গুটিয়ে ঘরে ফেরা।নিজেদের দোকান, নিজেরাই ক্রেতা-বিক্রেতা, নিজেদের আনন্দ। এই আনন্দ-বাজারের লভ্যাংশ যায় বিশ্ব-ভারতীর সেবা বিভাগে; স্থানীয় গ্রামোন্নয়নে সাহায্য করে ওরা। পুজোর আনন্দ অনেকের সঙ্গে ভাগ করে নেওয়া। "আনন্দ সর্বকালে, দুঃখে বিপদ ভালে" — এ ভাবতে ভাবতে বোলপুর থেকে হাওড়া, সাড়ে তিন ঘণ্টার পথ চলে এলাম দাঁড়িয়ে। অন্যদের মতো আমি ট্যাক্সি বা বাস ধরতাম না সঙ্গে সঙ্গে। সাবওয়ে দিয়ে লঞ্চঘাট। ২ টাকার টিকিট। অনেক জায়গাতেই যাওয়া যায় সেই টিকিটে। আমি চড়ে পড়লুম বাগবাজারের লঞ্চে।  





হাঁটছি বাগবাজার ঘাটে নেমে। অলিগলি ঘুরে কুমোরটুলি। রং হচ্ছে। হালকা হলুদ। কেউ আবার শুকোচ্ছেন প্রতিমা, গ্যাস বার্নার দিয়ে। দূর্গা সপরিবারে তৈরি হচ্ছেন বাপের বাড়ি যাবেনবলে। সপরিবার কথাটা ঠিক না; শিব তো কৈলাসে! কুমোরটুলি পার্কের মণ্ডপকে ডাইনে রেখে হেঁটে চলেছি শোভাবাজারের দিকে। উঁকি মেরে রাজবাড়ির একচালা ঠাকুরের চালাটাই দেখা গেল। হাতিবাগান শুধু দেখলাম অপরিবর্তিত — সেই ভিড়, সেই ফুটপাথ-জোড়া দোকানের সারি, সেই মিত্রা-মিনার-দর্পনাতে ম্যাটিনি শো-এর লাইন, সেই সেন মহাশয়! পুজোর মুখে কলকাতা আরও এক আনন্দ-বাজার। ঝড়-জল-বৃষ্টি সব কিছু উপেক্ষা করেও পুজোয় কলকাতা ঘরে ফেরে, ঘরে ফেরায়।


প্রবাসে পুজোতে কি ঘরে ফেরার টান থাকে? অনেকবার ভেবেছি; বারে বারে ভাবি। ঘর কি কোনও চার দেওয়ালে আটকে থাকা ইট-পাথর-সিমেন্টের অবয়ব? নাকি নিজের মন? "মন চল নিজ নিকেতনে" — স্বামী বিবেকানন্দের খুব প্রিয় গান ছিল এটি। ঘর তৈরি করে ফেলি মনের মধ্যে। বাইরে থেকে পুজোর সময় ঘরে ফেরার ভাবনা তাই নিজের মনেই কোথাও হারিয়ে যায়। সে আমার মন। একবার দেখেছিলাম কী কষ্ট করে তামিলনাড়ুতে জুতোর কারখানায় কাজ করা শ্রমিকরা চেন্নাই মেলে ফিরছেন পুজোর আগে। কেউ যাবেন বাঁকুড়া, কেউ মালদহ,মুর্শিদাবাদ। আমি নেমেছি ভাইজাগ স্টেশনে একটু হাত-পা ছড়িয়ে নেব বলে। এসি লাগোয়া সাধারণ শ্রেণির কামরায় একজন মোবাইলে কথা বলছেন উচ্চ স্বরে — আসছি আসছি... ট্রেন একটু লেট, তা-ও কাল সকালেই ঘরে পৌঁছে যাব... তুমি যা বলেছিলে নিয়ে যাচ্ছি... মা-এর জন্য পুজোর শাড়ি... পরশু চতুর্থী, তাই না? 

Wednesday, 12 April 2017

ছোটবেলায় ছবি দেখা

বাংলা ছায়াছবি তখন চলছে এক যুগসন্ধির মধ্যে দিয়ে। বিশেষত, ছোটদের নিয়ে হলে গিয়ে ছবি দেখার ছবির সংখ্যা খুব বেশি ছিল না; থাকলেও মধ্য '৮০-তে কটা ওরকম ছবি আসত মফস্বলের হলগুলিতে? আমার তো মনে পড়ে না 'ফটিকচাঁদ' কখনো দুর্গাপুরের চিত্রালয় বা দুর্গাপুর সিনেমা (ডিসি)-তে পৌঁছেছিল! ঐ সময়ে আমরা দুর্গাপুরে থাকি; ছোটদের বিনোদনের জন্য শুধুই পার্ক — কুমারমঙ্গলম পার্ক, ডিয়ার পার্ক আর ডিয়ার পার্কের টয় ট্রেন। বড়দের জন্য 'সাগর' আসে ডিসি-তে, চিত্রালয়ে 'শত্রু' করে সিলভার জুবিলী, শুধু কোনও ভূতের রাজা বর দিতে আসে না আমাদের আর।





পানাগড়ের অবস্থাও তথৈবচ। দুর্গাপুরে যখন ছিলাম, তখন অবশ্যি আমার ছবি দেখার বয়স হয়নি। কিন্তু আমরা — আমি আর দিদি — বায়না ধরলাম মা-এর কাছে আমাদের হলে নিয়ে যেতেই হবে। বিশেষত মা আর পাশের বাড়ির কাকিমারা যখন সবাই মিলে একদিন শ্রীদেবীর 'নাগিন' দেখে এল ডিসি-তে, তখন আমাদের জোর গেল বেড়ে। কিছুটা বাধ্য হয়েই মা নিয়ে গেল পানাগড় স্টেশনের ওপারে কবিতা টকিজ-এ। 'রামায়ণ', যেখানে শমিত ভঞ্জ রাম। পোস্টারে এই 'শ্রেষ্ঠ্যাংশে' দেখে কারোর ঐ ছবি দেখতে যাওয়ার কথা নয়, কিন্তু আমাদের জেদের কাছে মা-এর কিছুই করার নেই। এখনকার মাল্টিপ্লেক্সে অভ্যস্ত ছেলেমেয়েরা ভাবতেও পারবে না গদি-বিহীন কাঠের চেয়ারে মাঝখানের রো-তে (যেখানে হলের দেয়ালে লাগানো হাতেগোনা কয়েকটা পাখার হাওয়া পৌঁছত না) বসে ছবি দেখার কি বিভীষিকা! শুধু 'রামায়ণ' নয়, আমরা এরপরেও কবিতা টকিজে দেখেছি 'রাজা হরিশ্চন্দ্র'।



কলকাতার হলে ছবি দেখার বায়না ধরলাম একবার বাবার কাছে। বিধানচন্দ্র রায়ের বাড়িতে যেতাম আমার টন্সিলাইটিসের চিকিৎসার জন্য। শীতকাল। ওয়েলিংটনের ভুটিয়া বাজার থেকে উলের ক্যাপ কিনে বাবা আমার অনেকদিনের আরেকটা আবদার মেটাল, আর তারপর হিন্দ-এ ছবি দেখা। বহু বছর পরে যখন ফিল্ম সোসাইটি মুভমেন্ট করি আমরা, তখন হিন্দ আর মেট্রো ছিল আমাদের ছবি দেখানোর জায়গা। একবিংশ শতাব্দীর প্রথম কয়েক বছর হিন্দ তার আগের রূপ ধরে রাখলেও এখন সেও মাল্টিপ্লেক্সে রূপান্তরিত। মালিকানা বদল হলেও মেট্রো আজ ইতিহাস; যেমন চ্যাপলিনের এখন একটি ইঁটও আর অবশিষ্ট নেই; নেই কোনো জ্যোতি-চিহ্ন; নেই-বাজারে কলকাতার একক-পর্দা হলের সংখ্যা এখন হয়তো হল অফ ফেমে। কালের নিয়মে দুঃখ করাও বিলাসিতা।



পানাগড়ের পাততাড়ি গুটিয়ে আমাদের বাড়ি বারাসতে ফিরে আবিষ্কার করলাম এখানকার বেশ কিছু হল। কিন্তু ছোটদের ছবি কৈ? এল, শেষ পর্যন্ত এল। 'গিলি গিলি গে', জাদুকর পি সি সরকার জুনিয়রের করা ছোটদের জন্য জাদুছবি। আমরা সবাই মিলে দেখতে গেলাম ছায়াবাণী-তে। বারাসতের পাঁচটি হলের অন্যতম এইটি। পরে লালি-সরমা-বিজয়া-তে ছবি দেখা হলেও কোনদিন বিধান হলে ঢোকা হয়নি। ছোটবেলা থেকে কখনো এখানে ভালো ছবি চলতেও দেখিনি। শুনেছি, ৭০-এর দশকে এখানে ভালো ছবি চলত। ঐ সময়ে একবার ছায়াছবির শেষে আমার মেজকাকু জাতীয় সঙ্গীতের সময় না দাঁড়িয়ে বিধান হল থেকে বেরিয়ে গেছিলেন, আর পুলিশ সঙ্গে সঙ্গে ধরে থানার গারদে! আমার উকিল ঠাকুরদা গিয়ে ছাড়িয়ে এনেছিলেন কিছু সময় পর।





মামার বাড়ি বহরমপুরে আমাদের ভারি মজা। গরমের ছুটি আর পুজোর ছুটিতে নিয়ম করে যাওয়া চাই। গরমকালে আমের পাহাড় হয়ে যেত বাড়ির একতলাতে। পুজোর সময় মা আর তাঁর সব বোনেরা মিলে দেখতে যেত ছবি। সাধারণত কল্পনা, বা কখনো মোহন বা সূর্য-তে। ১৯৮৭-তে পুজোতে  'একান্ত আপন' এল কল্পনা-তে এবং অবশ্যই ওরা সবাই ওখানে। আমার জন্য ফেরার সময় ছোটমণি কিনে আনল ক্যাপ-ফাটানো বন্দুক, আমাকে শান্ত করার জন্য। কিন্তু ছবি তো আমি দেখবই, হলে গিয়ে। সেটাও হলো। পরের বছর গ্রীষ্মাবকাশে আবার কল্পনা — আফ্রিকান সাফারি। ডিসকভারি-ন্যাটজিও-এর পূর্বসূরি। 


বিজয়া-তে 'টার্মিনেটর-২' বা অশোকনগরের রূপকথা-তে 'গুপী বাঘা ফিরে এল'-এর পাশাপাশি আরেক ধরণের ছবি দেখা চলত আমাদের। ১৯৮০-এর দশক শুধুমাত্র দূরদর্শনের নয়, ঐ সময়ে ভিডিও ক্যাসেট প্লেয়ার (ভিসিপি) তখন অনেক বাড়িতেই। আমাদের কোনোদিন ছিল না যদিও। পানাগড়ে প্রথম আমরা ভিডিও হলে ছবি দেখি — 'গুরুদক্ষিণা'। বাড়িতে ভিসিপি ভাড়া করে ছবি দেখার চল শুরু হল '৮০ দশকের শেষের দিকে। ভিসিপি আর ক্যাসেট পার্লারের ব্যবসা পুরো '৯০-এর দশক চলে; সিডি/ডিভিডি বাজার দখল করে নেওয়ার আগে। লেক টাউনে মেজপিসির বাড়িতে ভিসিপি ছিল — আকাই-এর। আকাই আর ফুনাই-এর বাজার তখন। একবার মেজপিসির বাড়িতে আমরা দেখলাম কিছু রাজেশ খান্না আর হলিউড। আমার প্রথম জেমস বন্ড ওখানেই দেখা: 'লাইসেন্স টু কিল'। 




ভিসিপি ঘিরে উত্তেজনা উঠতো চরমে — পুজোর সময়। দেবীর বোধনের সঙ্গে ষষ্ঠীর সকালে বুক করে এলাম ভিসিপি এমনকি ক্যাসেট-ও, কিন্তু পেলাম হয়তো নবমীর সন্ধ্যায়! এই অভিজ্ঞতা আমার মনে হয় ঐ সময়ে সকলের হয়েছে কখনো না কখনো। ১৯৯১-এর পুজো। 'আশিকি' পেলাম, 'সাজন' পেলাম না। সেবার বিসর্জন দেখতে আর ভাগীরথীর পারে যাওয়া হল না বাবার আদেশে। কারণ সহজেই অনুমেয় — অঙ্ক না করে 'আশিকি' দেখা আর মাসতুতো ভাই-এর সঙ্গে ছাদে ক্রিকেট খেলা! 


নরেন্দ্রপুরের স্কুলের হস্টেলে আমাদের ছবি দেখানো হত দু'ভাবে — ভিডিও ক্যাসেটে আর প্রজেক্টরে। প্রজেক্টরের-ও দু'রকম ভাগ — মাঠে বা অ্যাসেম্বলি হলে এবং স্বামী বিবেকানন্দ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে। ভিসিপি-তে আমরা দেখেছিলাম 'টার্মিনেটর-২', 'প্রহার' (প্রতি বছর দেখানো হত দেশাত্মবোধ তৈরির জন্য!) আর বেশ কিছু ছবি যা সব আমার মনেও নেই! প্রজেক্টরে দেখানো হয়েছিল মনে পড়ে 'খোকাবাবুর প্রত্যাবর্তন', 'কুহেলি', 'হীরের আংটি', 'গুপী বাঘা ফিরে এল', 'সোনার কেল্লা', 'সফেদ হাতি' এরকম কিছু ছবি। সব মিলিয়ে মন্দ লাগত না হস্টেলে বন্ধুদের সঙ্গে দেখতে! 





এখন যেমন হাতের মুঠোয় ছায়াছবি এসে গেছে মোবাইল ফোনের সঙ্গে, তা আমাদের ছোটবেলাতে ভাবাও যেত না। আমরাই মনে হয় শেষ প্রজন্ম যারা চলচিত্রের পর্দার বা স্ক্রিনের এবং ছবি প্রেক্ষণের এতরকম বিবর্তন দেখল — বড় পর্দা, টিভি পর্দা, ভিসিপি, ভিসিডি, ডিভিডি, ফিল্ম ক্যান, পেন ড্রাইভ, ডিজিটাল ছবি, মোবাইল ছবি, মেমরি কার্ড, ইউ টিউব, নেটফ্লিক্স... আর কি নয়! 


(ব্লগের ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত। ছবির সত্ত্ব চিত্রগ্রাহকের, আমার নয়। শুধু লেখার সত্ত্ব আমার) 

Thursday, 6 April 2017

লুকোচুরি

সেদিন মাঝরাতের ফ্লাইট। এয়ারপোর্টে পৌঁছে ফোন করলাম, তকাই ঘুমিয়েছে কিনা। শুয়ে পড়েছিল, ঘুমোয়নি। শমিকা বলল, তকাই ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে। আমার ছবি দেখছে কিন্তু মুখে কোনও কথা নেই। বাবা আবার ফোন হয়ে গেল। দু'দিন ছিলাম তো বাবার কোলে কোলে, জন্মদিনের কেক কাটা হল, কত আনন্দ হল...সব হারিয়ে গিয়ে আবার লোকটা ফোনের মধ্যে লুকিয়ে গেল?


বাবা ফোন হতে চায়নি। কোনও বাবা-ই চায়না। আমার বাবা চলে যেত দূর কোন রাজ্যে। গরম বা পুজোর ছুটির মধ্যে বকাঝকা-আদর-ভালোবাসার উপান্তে বাবার চলে যাওয়া — রিকশা করে স্টেশন, সেখান থেকে ট্রেন... তারপর আর জানতাম না কি হত। টেলিগ্রাম আসত টরেটক্কায়। ভালোভাবে পৌঁছনো সংবাদ। কখনো টেলিগ্রাম-ও আসত না — নীল রঙের ইনল্যান্ড চিঠি এল হয়তো এক সপ্তাহ পর। ইংরেজিতে একটা কথা আছে — No news is good news। অনেকটা ওরকমই ছিল আমাদের অবস্থা। আকাশবাণী কলকাতা 'ক' সকাল-সন্ধ্যা জানাতো কিছু দূরপাল্লা ট্রেনের খবর। আমরা অপেক্ষা করতাম কখন বলবে কামরূপ এক্সপ্রেসের কথা। বছরের কিছুদিন বাবা আর কামরূপ ছিল সমার্থক।




শুধু কি বাবা? একদিন দেখলাম সবাই কেমন পোস্টকার্ড হয়ে যাচ্ছে! যে দিদি ছাড়া আমার এক মুহূর্ত কাটতো না ছোটবেলাতে, সেও দেখলাম বাঘ-ছাপ ১৫ পয়সার পোস্টকার্ড হয়ে গেল! প্রতিদিন সন্ধ্যাবেলা মা হোমওয়ার্ক করাতো পাশে বসে... তারপর গল্প বলত... তারপর রাতের খাওয়া। এরকমই এক গ্রীষ্মের সন্ধ্যায় মা দেখি আর হোমওয়ার্ক করায় না, চিঠি পাঠায় হলুদ কাগজে নীল লেখায়। কেবল আমার মা-এর নয়, আমার সহপাঠীরা সবাই পেয়েছে এমন চিঠি তাদের বাবা-মা-এর কাছ থেকে, সন্ধ্যাবেলায় হস্টেলের ডাইনিং হলে কোন না কোন দিন। অনেকেই কেঁদে ফেলত, কিন্তু আমার তো কান্না আসে না, ভাবনা আসে।






ভাবছিলাম; আজকের স্কাইপ এবং অন্যান্য ভিডিও কলের সময় কিভাবে আমরা আসা-যাওয়া করি স্ক্রিনের এপার-ওপার। কেউ হারায়, কেউ হারিয়ে যায়, আবার কেউ হারিয়ে ফেলে আপনারে। এখন কয়েকদিন তকাই-এর সঙ্গে স্কাইপ করছি না। ভিডিও অন করলেই সে চঞ্চল হয়ে পড়ছে — কখনো  ধরতে আসে আমাকে, কখনো বা ওর পছন্দের বল ! না পেলেই মুখ হয়ে যায় গোমড়া। প্রযুক্তি আমাদের কাছে এনে দিলেও এখনো অনেক দূরত্ব ঘোচাতে পারেনি। আঁকা-বাঁকা রাস্তা দিয়ে মা হারিয়ে যেত হস্টেলের মেন গেটের বাইরে আর এখন মাউস-চার্জার-ইউএসবি কেবলের জটে আমি আর তকাই লুকোচুরি খেলি। এই খেলাতে হার-জিৎ নেই, শুধু 3D থেকে 2D-তে রূপান্তর আছে।