আমার স্কুলের সহপাঠী মারুফের দুঃখের কারণ আছে। সে বাংলা ভাষার অন্যতম প্রকাশক। যে-বছর আমি ইংরেজি ভাষাশিক্ষান্তে ইংরেজি কাগজে শিক্ষানবিশ সম্পাদক হিসেবে চাকরি পাই, সেই বছর মারুফ উদ্যোগী হয়ে শুরু করে "অভিযান", যা আজ বাংলা প্রকাশনা জগতে আনন্দ-মিত্র ঘোষ-দেজ প্ৰভৃতির সমতুল্য। মারুফ মাঝে-মাঝেই বলে/লেখে প্রকাশক হিসেবে তার অভিজ্ঞতার কথা, যার মধ্যে প্রধান হল দুই ধরণের দৌর্বল্য — আর্থিক এবং সাহিত্যিক।
আনন্দবাজার গোষ্ঠীর মত আর্থিক পৃষ্ঠপোষকতা "আনন্দ" যে-ভাবে পেয়ে এসেছে, তা মারুফের মত শহরতলির মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা প্রকাশকরা হয়ত কোনওদিন পাবে না। এহেন প্রকাশকদের একসঙ্গে অনেক কাজ করতে হয় — লেখা খোঁজা থেকে শুরু করে বই বিক্রি করা। এর প্রত্যেক ধাপে থাকে বাধা। সে-সব উপেক্ষা করে একটা ভাষাকে ভালোবেসে মানুষের কাছে বই পৌঁছে দেওয়ার আনন্দ-ই হয়ত মারুফের চালিকাশক্তি — বইপাড়ার অনেকের মতই।
এত কিছুর পরেও বাংলা বই না পড়লে প্রকাশকের দুঃখ তো হবেই। একজন দেখলাম মারুফের এই পোস্টের নিচে লিখেছেন, ইংরেজির মত বাংলাতে ভালো বই কোথায় এখন? বিশেষতঃ, থ্রিলার বা রোমহর্ষক গল্প যা কি না ট্রেন-প্লেনের যাত্রীদের প্রথম পছন্দ। আছে। নিশ্চয়ই লেখা হচ্ছে। কিন্তু আমরা পড়ছি কি? প্রকাশকের দায়িত্ব যদি বই প্রকাশনা করা, পাঠকেরও একটা দায়িত্ব থাকে: পড়া। শেষ কবে আপনি কাউকে বাংলা বই উপহার দিয়েছেন? বা, পেয়েছেন? ভাবুন।
আমরা আসলে অনেক বড় বড় কথা বলি কিন্তু তার সিকিভাগ-ও কি মেনে চলি? ইংরেজি তো শিখবেন ও শেখাবেন কিন্তু নিজের মাতৃভাষাটি ভুলে গেলে কি চলবে? বাংলা কি শুধুই সন্ধ্যেবেলাতে চ্যানেল-ভর্তি সিরিয়ালের মালা? বাংলা পড়েন ও পড়ান তো? নিজেকে প্রশ্ন করুন। আমার আপনার সন্তান phrasal verb-appropriate preposition এসবের পাশাপাশি সন্ধি-কারক-বিভক্তি-প্রত্যয়-সমাস-সমার্থক শব্দ-সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ শিখছে তো? যদি উত্তর হয়, "হ্যাঁ", তবে চিন্তা নেই; উত্তর "না" হলে দোষ কিন্তু আপনার — কোনও সরকার, স্কুল, কলেজ, প্রকাশকের নয়।
আর বাংলা না শিখে ইংরেজি শিক্ষার মধ্যে আলাদা কোনও সাহেবিয়ানা আছে বলে আমার মনে হয় না। নিজের ভাষা বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজন নিজেকেই; একদিন আমার আপনার বাড়ি থেকেই উঠে আসবে ভবিষ্যতের রবীন্দ্রনাথ-আশাপূর্ণা-সুনীল। অন্যকে (স্কুল, পড়ানোর মাধ্যম, কাজের সুযোগ ইত্যাদি ইত্যাদি) দোষারোপ না করে আসুন বাংলা শিখি, পড়ি, লিখি। এখন ইংরেজি তো আছেই সর্বত্র — মোবাইলের কীবোর্ড থেকে ইন্টারনেটে। প্রয়োজন বাংলাকে আয়ত্ত করা — শুনতে অবাস্তব লাগলেও এটাই সত্যি। ২০১৭-তে ইংরেজি ব্যবহার অনেক সোজা, বাংলা রপ্ত করা কঠিন।

No comments:
Post a Comment